জাতীয়

মার্চ থেকে কার্যকর হচ্ছে শহিদ পরিবার ও আহতদের আর্থিক সুবিধা

জুলাই আন্দোলনে শহিদদের পরিবার ও আহতদের জন্য সরকার ঘোষিত অর্থ বরাদ্দ ও সুযোগ-সুবিধা কার্যকর হতে যাচ্ছে আগামী মার্চ মাস থেকে। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

প্রেস সচিব জানান, এখন পর্যন্ত আন্দোলনের শহিদের সংখ্যা ৮৩৪ জন বলে নিশ্চিত হওয়া গেছে, তবে আরও অনুসন্ধান চলছে, কারণ অনেকের এখনো কোনো খোঁজ মেলেনি। শহিদ পরিবারের প্রতিটি পরিবারকে মোট ৩০ লাখ টাকা সহায়তা দেওয়া হবে। এর মধ্যে চলতি অর্থবছরে ১০ লাখ টাকা এককালীন পরিশোধ করা হবে এবং পরবর্তী সময়ে প্রতি মাসে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়া, যেসব শহিদ পরিবারের সদস্যরা চাকরির উপযুক্ত, তাদের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

আহতদের জন্য মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী তিনটি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে:

  •  ‘এ’ ক্যাটাগরি: গুরুতর আহতদের জন্য এককালীন ৫ লাখ টাকা এবং প্রতি মাসে ২০ হাজার টাকা ভাতা দেওয়া হবে। এই ক্যাটাগরিতে রয়েছেন ৪৯৩ জন।
  • ‘বি’ ক্যাটাগরি: মাঝারি আঘাতপ্রাপ্তদের এককালীন ৩ লাখ টাকা এবং প্রতি মাসে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। এই ক্যাটাগরিতে আছেন ৯০৮ জন।
  •  ‘সি’ ক্যাটাগরি: যারা ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন, তারা এককালীন ১ লাখ টাকা সহায়তা পাবেন এবং প্রতি মাসে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। এই তালিকায় আছেন ১০,৬৪৮ জন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ অর্থ সহায়তা দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে এবং মার্চ থেকে কার্যকর হবে।

 

বায়ান্ন/এএস



সম্পর্কিত খবর