রাষ্ট্রপতি পদে নির্বাচনে সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ এবং বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে ‘নির্বাচনি কর্তা’ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন। এর আগে বেলা ১১টার দিকে নির্বাচন ভবনে সিইসির সভাকক্ষে অলি আহমদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। পরে দুপুর ১২টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার। এই মনোনয়নপত্রে প্রস্তাবক হয়েছেন ডা. শরিফুর রহমান আর সমর্থক হয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. আল আমিন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. আব্দুল বাতেন বলেন, একটি মনোনয়নপত্র বৈধ হলে দ্বিতীয় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রয়োজন পড়ে না। প্রার্থিতা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই। ৩০, ৩৫ বছর পরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবে আশা করি। দুপুর ১২টায় বাছাই হবে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র। আগামী ২০ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ১৮ আগস্ট বিকেল ৪টায় প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হবে।