জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করলেন যশোর কেন্দ্রীয় কারাগারের ১০০ জন বন্দি। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে কারাগারের অভ্যন্তরে বিশেষ ব্যবস্থায় পোস্টাল ব্যালটের মাধ্যমে তারা এই গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করেন।
কারা কর্তৃপক্ষ জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কারাগারের মোট ১২৯ জন বন্দি অনলাইনে নিবন্ধন করেছিলেন। তাদের মধ্যে যাচাই-বাছাই ও উপস্থিতির ভিত্তিতে শনিবার ১০০ জন বন্দি নিজ নিজ নির্বাচনী এলাকার ব্যালট পেপারে ভোট প্রদান করেন। কারাগারের নির্ধারিত স্থানে গোপনীয়তা বজায় রেখে প্রার্থীরা তাদের পছন্দের প্রতীকে সিল মারেন এবং নিয়ম অনুযায়ী খাম সিলগালা করে জমা দেন।
যশোর কেন্দ্রীয় কারাগার সূত্র নিশ্চিত করেছে, ভোট গ্রহণের আগে বন্দিদের সংশ্লিষ্ট আসনের প্রার্থী ও প্রতীক সম্পর্কে বিস্তারিত তথ্য সরবরাহ করা হয়েছিল। নির্বাচন কমিশন থেকে পাঠানো পৃথক প্যাকেটে ভোট প্রদানের নির্দেশিকা ও ব্যালট পেপার ছিল। অনেকে আগ্রহ দেখালেও জাতীয় পরিচয়পত্র না থাকা বা জামিনে মুক্তির সম্ভাবনায় শেষ পর্যন্ত সবাই নিবন্ধনের আওতায় আসেননি।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার মো. আবিদ হাসান বলেন, “নিবন্ধিত বন্দিদের মধ্যে ১০০ জন সফলভাবে ভোট প্রদান করেছেন। ব্যালট পেপার ও প্রয়োজনীয় নথিপত্র নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপের জন্য নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।”