খুলনা

যশোর-৫ আসনে ধানের শীষের প্রার্থী পরিবর্তন: মনোনয়ন পেলেন মুফতি রশীদ ওয়াক্কাস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী পরিবর্তন করা হয়েছে। এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক দল জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশ) সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাস। বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

দলীয় সূত্র মারফত জানা গেছে, ১২ দলীয় জোটের অন্যতম শরিক হিসেবে মুফতি রশীদ বিন ওয়াক্কাস বিগত সময়ে বিএনপির প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। সেই ধারাবাহিকতা বজায় রাখা এবং ইসলাম ও দেশের কল্যাণে তার মরহুম পিতার অনন্য অবদানের বিষয়গুলো বিবেচনা করে দল তাকে যশোর-৫ আসনে চূড়ান্ত মনোনয়ন প্রদান করেছে।

 

দীর্ঘদিন ধরে রশীদ বিন ওয়াক্কাস তার পিতার আদর্শ অনুসরণ করে মণিরামপুর এলাকার সাধারণ মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আসন্ন নির্বাচনে এই আসনে তিনিই ধানের শীষের একক প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হবেন। এছাড়া সংবাদ সম্মেলন থেকে জানানো হয় যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ অংশগ্রহণের লক্ষ্যে বিএনপি তাদের সমমনা ও শরিক দলগুলোর জন্য যশোর-৫ সহ মোট সাতটি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

 


সম্পর্কিত খবর