যশোরের বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে হোটেল স্বপ্নপুরী ও হোটেল পলাশসহ আশপাশের এলাকা থেকে দুই নারীসহ ১০ জনকে আটক করেছে কোতোয়ালি থানা-পুলিশ। এ সময় ৩০ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই দুই হোটেলে অনৈতিক কর্মকাণ্ড চলছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হয়।
বুধবার (১২ আগস্ট) দুপুরে পরিচালিত এই অভিযানে দুই হোটেল থেকে দুই নারীকে আটক করা হয়। পাশাপাশি বাবুবাজার গলিতে অবৈধভাবে দেশি মদ বিক্রির অভিযোগ ও সন্দেহজনক চলাফেরার কারণে আরও আটজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—শেখহাটি গ্রামের বীথি, রূপদিয়ার শাহিলা আক্তার, চৌগাছার মনিরুজ্জামান, বিরামপুর কালীতলার রাসেল, আমদাবাদ গ্রামের ইকবাল হোসেন, ঘুরুলিয়ার সাইদ হোসেন, রেলগেট পশ্চিমপাড়ার আব্দুস সাত্তার, মণিরামপুরের বিজয়রামপুর গ্রামের জাকির হোসেন, ঘোপ জেলরোডের আবু তাহের ও ছোট বালিয়াডাঙার শরিফুল ইসলাম।
অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল। এ সময় পরিদর্শক (অপারেশন) মমিনুল হকসহ অন্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান, দুই হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের পাশাপাশি বাবুবাজার গলিতে অবৈধ মদ বিক্রির সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।