যশোরের শার্শা উপজেলায় ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলিমুল হোসেন (১৮) ও আশিকুজ্জামান তুষার (১৮) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টা ২০ মিনিটে উপজেলার কায়বা ইউনিয়নের ধান্যতারা পশ্চিমপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলিমুল হোসেন যশোর জেলার শার্শা থানার কায়বা ইউনিয়নের ধান্যতারা গ্রামের রবিউল হোসেনের ছেলে এবং আশিকুজ্জামান তুষার একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের এসআই চঞ্চল কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে। এ সময় রাতে ধান্যতারা পশ্চিমপাড়ায় শহিদুল ইসলামের বাড়ির পেছনে নূর হোসেনের পরিত্যক্ত টালির ঘর থেকে তাঁদের আটক করা হয়। পরে আলিমুলের কাছ থেকে ৬ পিস এবং তুষারের কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শার্শা থানার পরিদর্শক (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) গ্রেপ্তার দুই যুবককে যশোর আদালতে পাঠানো হয়েছে।