ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান শরীফ হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে সরকার। শোকের দিনে সরকারি, বেসরকারিসহ সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়। তবে সরকারের সেই নির্দেশনা অমান্য করে আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে তিন ব্যাংক কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানগুলো হলো—ডাচ-বাংলা ব্যাংক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংক। আনসার ভিডিপি ব্যাংক পঞ্চগড় শাখার ব্যবস্থাপক (ম্যানেজার) মোহতাসিম বিল্লাহকে একাধিকবার ফোন দেওয়ার পরেও তিনি ফোন ধরেননি।
তবে ডাচ-বাংলা ব্যাংক পিএলসি পঞ্চগড় শাখার ম্যানেজার আহসানুল কবির বলেন, "আমি পতাকা ওঠানোর জন্য বলে এসেছি। তারপরও কেন ওঠানো হয়নি, বিষয়টি দেখে আমি ব্যবস্থা নিচ্ছি। আপনারা নিউজ করিয়েন না।"
২০ ডিসেম্বর সকালে ব্যাংকগুলোর কার্যালয়ে গিয়ে দেখা যায়, জাতীয় পতাকা ওঠানো হয়নি। এ বিষয়ে কারণ জানতে পল্লী সঞ্চয় ব্যাংকের আজিজুল হককে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি। আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ছাড়াও ডাচ-বাংলা ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংক পঞ্চগড় সদর শাখা এবং আরও কিছু অফিসে পতাকা উড়তে দেখা যায়নি।
জাতীয় পতাকা ওঠানো হয়নি জেলা ক্রীড়া সংস্থার অফিসেও। এ বিষয়ে জানতে চাইলে সংস্থার কর্মকর্তা বলেন, "অফিসে তো লোকই নেই। আমি অতিরিক্ত দায়িত্বে আছি। পতাকা কে ওঠাবে?" এছাড়াও নজরুল পাঠাগার, ব্র্যাক ব্যাংক, বীজ প্রত্যয়ন এজেন্সি ও সেটেলমেন্ট অফিসেও জাতীয় পতাকা দেখা যায়নি।
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের দিনাজপুর জোনাল ম্যানেজার আলমগীর হোসেন জানান, বিষয়টি তাঁর জানা নেই, তবে তিনি খোঁজ নিয়ে জানাচ্ছেন।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলতে বলেন। জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামান বলেন, "আমরা প্রতিটি অফিসকে চিঠি দিয়েছি পতাকা অর্ধনমিত রাখার জন্য। অনেক অফিসে নিয়মিত কর্মকর্তা নেই, ঠাকুরগাঁও থেকে এসে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। তারপরও বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি।"