খুলনা

লোহাগড়ায় ‘কামনা সাহিত্য একাডেমি’র যাত্রা শুরু

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশায় উৎসবমুখর পরিবেশে ‘কামনা সাহিত্য একাডেমি’র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার কামনা শিশু সেন্টার স্কুল প্রাঙ্গণে এক আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

 

সাহিত্য প্রত্যাশার সম্পাদক কবি দুখু হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নজরুল গবেষক ও সোনালী দিন পত্রিকার সম্পাদক এইচ এম সিরাজ। অনুষ্ঠানে বক্তারা বরেণ্য কবি কামনা ইসলামের সাহিত্যকর্মের ভূয়সী প্রশংসা করে জানান, এ পর্যন্ত তাঁর ৬৮টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। নতুন এই একাডেমি স্থানীয় কবি-সাহিত্যিকদের মিলনমেলা ও সাহিত্য চর্চার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সৈয়দ খায়রুল আলম, নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক উজির আলী, জ্যেষ্ঠ সাংবাদিক রেজাউল করিম ও ফরহাদ খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কবি সবুজ সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, শিশুদের প্রতি মমত্ববোধ থেকে কামনা ইসলাম ‘কামনা শিশু সেন্টার’ স্কুল প্রতিষ্ঠার পাশাপাশি যে সাহিত্যিক উদ্যোগ নিয়েছেন, তা নড়াইলের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।

 

শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন এবং একাডেমির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

 


সম্পর্কিত খবর