ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে সরকারি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ। আট দলীয় এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে টাইব্রেকারে স্বাগতিক কালীগঞ্জ দামোদরপুর ফুটবল একাদশকে হারিয়ে জয়ী হয়েছে খুলনা এসবিকে ফুটবল একাদশ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।
কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে বিকেলে ভূষণ মাঠে অতিথিরা দুই দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি। রেফারির বাঁশিতে বল মাঠে গড়ানোর পর শুরু হয় তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। নির্ধারিত সময়ের প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধ গোলশূন্য থাকায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। এতে ৪-৩ গোলের ব্যবধানে জয়লাভ করে খুলনা ফুটবল একাদশ। বিজয়ী খুলনা দলের অধিনায়ক শিমুল ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন সাজ্জাদুর রহমান সাজ্জাদ, নাঈমুর রহমান রানা, টুটুল হোসেন ও মারুফ হোসেন ইসলাম। ধারাভাষ্য দেন রবিউল ইসলাম। খেলাটি উপভোগ করতে মাঠে প্রচুর দর্শকের সমাগম ঘটে।
কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি আশরাফুজ্জামান রনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তবিবুর রহমান মিনি, ডা. নুরুল ইসলাম, আবুল কালাম আজাদ, হারুনুর রশিদ মোল্লা, ইলিয়াস রহমান মিঠু, মিজানুর রহমান লাল্টু এবং পৌর বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম। অনুষ্ঠান ও মাঠ পরিচালনা করেন তৌফিকুজ্জামান কাজল।