সুনামগঞ্জের শান্তিগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রভাবশালী কর্তৃক জোর পূর্বক প্রবাসীর জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার সকাল ১০ টায় শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ছয়হাড়া গ্রামের পূর্বের হাওরে। বিগত ২৪ ডিসেম্ভর ২০২১ ইং ও ১২ জানুয়ারী ২০২২ ইং তারিখে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত দক্ষিণ সুনামগঞ্জে ছয়হাড়া গ্রামের মৃত আব্দুল আজিজ চৌধুরীর ছেলে আব্দুল আহাদ চৌধুরী, আব্দুল আহাদ চৌধুরীর ছেলে মিজানুর রহমান ও মারজান আহমদের বিরুদ্ধে বিবিধ মোকদ্দমা নং ১৫/২০২২ ইং ও ২৭/২০২২ ইং দায়ের করেন লন্ডন প্রবাসী ছয়হাড়া গ্রামের আবুল মনসুর চৌধুরীর স্থাবর অস্তাবর সম্পত্তি রক্ষনাবেক্ষণকারী পাওয়ার এটর্নি প্রাপ্ত শাহজালাল উপশহর সিলেটের বাসিন্দা মৃত আবুল হোসেনের ছেলে মোঃ ইকবাল।
অভিযোগ সূত্রে জানা যায়, আবুল মনসুর চৌধুরী স্থায়ীভাবে পরিবার পরিজনকে নিয়ে লন্ডন বসবাস করেন। দেশে তাহার ৮.০৬১২ একর জমি সহ একাধিক জমি রয়েছে। যাহা তাহার বোন জামাই অভিযোগকারী বিভিন্ন লোকজনকে বর্গাচাষ দিয়া আসিতেছেন। এ বছর তিনি উক্ত ভূমি বর্গাচাষ দিতে ও বিভিন্ন ডুবাতে বাঁশ কাটা লাগাতে আসলে নামাংকিতগন তাহাকে উক্ত ভূমি বর্গাচাষ দিতে ও বাঁশ কাটা লাগাতে বাঁধা নিষেধ প্রাণ নাশ সহ প্রবাসীর সকল সম্পত্তি দখল করার হুমকী দামকী দেয়। তখন নিরুপায় হয়ে অভিযোগকারী বিজ্ঞ আদালতে একাধিক মোকদ্দমা দায়ের করিলে আদালত উক্ত জায়গায় আইন শৃংখলা রক্ষার জন্য ১৪৪ ধারা জারি করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব দেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা নোটিশ জারি করার পর আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিগত ১ ফেব্রুয়ারী বিবাদীগন জোরপূর্বক উক্ত ভূমি চাষাবাদ ও বোর ধানের বীজ রোপন করে।
এ ব্যাপারে লন্ডন প্রবাসী আবুল মনসুর চৌধুরীর পক্ষে অভিযোগকারী ইকবাল জানান,আমি পাওয়ার এটর্নি প্রাপ্ত হয়ে দীর্ঘদিন যাবৎ আমার আত্মীয়র সম্পত্তি দেখাশুনা করে আসছি, কিন্তু বর্তমানে নামাংকিতরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক সম্পত্তি দখল সহ আমাকে প্রাণনাশের হুমকী দামকী দিচ্ছে, আমি এ ব্যাপারে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।
এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল আহাদ চৌধুরী জানান, আমরা দখল পজিশনে আছি, উপজেলা এসিল্যান্ড অফিস আমাদের পক্ষে রিপোর্ট দিয়েছে, আমরা আমাদের জমিতেই আছি।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন জানান, পক্ষদ্বয়ের মধ্যে আইন শৃংখলা রক্ষার স্বার্থে নোটিশ জারি করা হয়েছে, যদি কোন পক্ষ তা অমান্য করে তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।