যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে মামলা দায়েরের মাত্র তিন ঘণ্টার মধ্যে অপহৃত এক তরুণীকে উদ্ধারসহ অপহরণকারী নূর মোহাম্মদ বাবুকে (২১) আটক করা হয়েছে।
আটক নূর মোহাম্মদ বাবু শার্শা উপজেলার চান্দুরিয়া গ্রামের ঘোপপাড়ার আশরাফুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, সাহারা আফরিন ফারহানা (১৪) নামের এক কিশোরীকে মঙ্গলবার সন্ধ্যার দিকে অপহরণ করা হয়। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা দায়েরের পর পুলিশ অভিযানে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তিন ঘণ্টার মধ্যে শার্শা বাজার থেকে অপহরণকারী নূর মোহাম্মদ বাবুকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যানুযায়ী উপজেলার চটকাপোতা গ্রাম থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শানিমুল হক জানান, অপহরণের অভিযোগ পাওয়ার তিন ঘণ্টার মধ্যেই ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। এ ব্যাপারে শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে বুধবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।