জাতীয়

শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ আগুন: ৪ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে লাগা ভয়াবহ আগুন চার ঘণ্টা পেরিয়ে গেলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে আগুনের সূত্রপাত হলেও সন্ধ্যা ছয়টা নাগাদও এটি সম্পূর্ণ নেভানো সম্ভব হয়নি।

 

বর্তমানে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিটসহ কয়েকটি বাহিনী যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এতে যোগ দিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত বিমান বাহিনীর ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার ও বাশার থেকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত অগ্নি নির্বাপক সদস্যরা।

 

এদিকে, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ বিকেল ৫টার দিকে এক বিজ্ঞপ্তিতে দাবি করেন যে সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তিনি বলেন, "সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।"

 

তবে সন্ধ্যা পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় উদ্ধার ও নির্বাপণ কাজ জোর গতিতে চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের ঘটনায় কেউ নিহত হয়েছেন কিনা বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে পরে বিস্তারিত তথ্য জানানো হবে।



সম্পর্কিত খবর