পুরো টুর্নামেন্টে যার বিশ্বস্ত হাত ছিল বাংলাদেশের দুর্গের অতন্দ্র প্রহরী, সেই মেহেদী হাসান শ্রাবণের একটি ছোট্ট ভুলেই চুরমার হয়ে গেল কোটি সমর্থকের স্বপ্ন। নির্ধারিত সময়ের খেলা শেষ হতে তখন মাত্র চার মিনিট বাকি।
ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর প্রহর গুনছিল জাতীয় স্টেডিয়ামের গ্যালারি। ঠিক তখনই শ্রাবণের ভুল থ্রো থেকে বল পেয়ে বাংলাদেশকে স্তব্ধ করে দেন পাকিস্তানের ফরোয়ার্ড আবদুল সামাদ।
সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে পা রাখল পাকিস্তান। অন্যদিকে, গ্রুপ পর্বে কোনো গোল হজম না করে অপরাজিত থাকার দাপট দেখিয়েও শেষ চার থেকেই বিদায় নিতে হলো টমাস ডুলির শিষ্যদের।
এতে ২০০৫ সালের পর প্রথমবার ফাইনালে ওঠা এবং ২৩ বছরের শিরোপা-খরা ঘোচানোর অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো লাল-সবুজের প্রতিনিধিদের।
আগামী ১৭ নভেম্বর শিরোপার লড়াইয়ে রেকর্ড ১৪তম বারের ফাইনালিস্ট ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।
দিনের প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।
সুযোগ হাতছাড়ার মহড়া ও পোস্টের বাধা
ফাইনালের টিকিট কাটার লড়াইয়ে একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। অ্যাকিলিস টেন্ডনের চোটে ছিটকে যাওয়া সাদ উদ্দিনের জায়গায় রাইট-ব্যাক পজিশনে ফেরেন রহমত মিয়া এবং আক্রমণভাগে মোহাম্মদ ইব্রাহিমের পরিবর্তে সুযোগ পান শুকি ইতোফুসা। গোলরক্ষক শ্রাবণ, রহমত ও রাকিব হোসেনের সঙ্গে আট প্রবাসী ফুটবলার নিয়ে একাদশ সাজান কোচ ডুলি। বিপরীতে গ্রুপ পর্ব শেষে পাঁচ প্রবাসী ফুটবলার দলে যোগ দেওয়ায় শক্তি বাড়ে পাকিস্তানেরও।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই বক্সের বাইরে থেকে আলী উজাইরের জোরালো শট ফিরিয়ে দারুণ শুরুর ইঙ্গিত দেন শ্রাবণ। শুরুতে কিছুটা চাপে থাকলেও দ্রুতই মাঝমাঠের দখল নেয় বাংলাদেশ। সপ্তম মিনিটে রাকিব হোসেনের পাসে কাজেম শাহর শট তালুবন্দী করেন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট। ২৩ মিনিটে শমিত সোমের হেড থেকে বক্সে বল পেয়ে রাকিবের নেওয়া বাঁ পায়ের শটও নিচু হয়ে ফিরিয়ে দেন বাট।
দুই মিনিট পর আবারও আলী উজাইরের শট ঠেকিয়ে দলকে বাঁচান শ্রাবণ। ৩২ মিনিটে ভাগ্যের জোরে বড় বাঁচা বেঁচে যায় স্বাগতিকেরা; আলী উজাইরের ক্রস থেকে আবদুল সামাদের বাঁ পায়ের শট ডান পোস্টে লেগে ফিরে আসে। বিরতির আগে ৩৮ মিনিটে রাকিবের দূরপাল্লার শট ইউসুফ বাট ঠেকানোর পর ৪২ মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন শুকি ইতোফুসা। জিদান ইউসুফের পাসে বক্সের বাঁ দিকে ফাঁকায় বল পেয়েও উড়িয়ে মারেন তিনি।
দ্বিতীয়ার্ধেও চলে সমানে সমান লড়াই। ৫৪ মিনিটে রাকিবের পাসে বক্সের মাঝামাঝি জায়গা থেকে নেওয়া শমিত সোমের জোরালো শট প্রতিহত হয় পাকিস্তানের রক্ষণে। আক্রমণে ধার বাড়াতে ৬২ মিনিটে শুকির বদলি হিসেবে মোহাম্মদ ইব্রাহিমকে এবং ৭৬ মিনিটে রহমতের জায়গায় বিশ্বনাথ ঘোষকে নামায় বাংলাদেশ। এর আগে ৭৪ মিনিটে চোট পাওয়া আলী উজাইরের বদলি হিসেবে পাকিস্তান মাঠে নামায় হাইয়ান খাট্টাককে যিনি পরে ম্যাচের ভাগ্য গড়ে দেন।
৭৬ মিনিটে আদিল নবীর নিচু কোণাকুণি শট এবং ৮৫ মিনিটে আবদুল সামাদের পাস থেকে আলী খানের জোরালো শট দারুণ ক্ষিপ্রতায় রুখে দিয়ে তখন পর্যন্ত ম্যাচের নায়ক ছিলেন শ্রাবণই। কিন্তু ৮৫ মিনিটের সেই সেভের পরপরই ঘটে সর্বনাশ।
বল গ্রিপে নিয়ে দ্রুত আক্রমণে ওঠার চেষ্টায় শ্রাবণ বল থ্রো করে বসেন বদলি মিডফিল্ডার হাইয়ান খাট্টাকের কাছে। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি খাট্টাক; তাঁর বাড়ানো নিখুঁত পাস বক্সের ডান দিকে পেয়ে বাঁ পায়ের নিচু শটে দূরের পোস্ট দিয়ে জালে জড়ান আবদুল সামাদ (১-০)। পুরো আসরে নিজেদের প্রথম গোলটিই সবচেয়ে অসময়ে হজম করে বসে বাংলাদেশ।
গোল হজমের পর যোগ করা সময়ে গ্যালারি থেকে দর্শকদের ছোড়া স্মোক ফ্লেয়ারের কারণে প্রায় পাঁচ মিনিট খেলা বন্ধ থাকে। খেলা পুনরায় শুরু হলে সমতায় ফিরতে আপ্রাণ চেষ্টা চালায় বাংলাদেশ, তবে পাকিস্তানের রক্ষণদেয়াল আর ভাঙা সম্ভব হয়নি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে জাতীয় স্টেডিয়ামের সবুজ গালিচায় কান্নায় ভেঙে পড়েন বাংলাদেশের ফুটবলাররা।