দেশের খবর

শৈলকুপায় নারীর আত্মহত্যার ঘটনায় প্রতিপক্ষকে ফাঁসানোর দাবি, প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

ঝিনাইদহের শৈলকুপায় মরিয়ম বেগম (৬০) নামে এক বৃদ্ধার আত্মহত্যার ঘটনায় প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগে প্রতিবাদ সভা ও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ জুন) বিকাল ৫টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের বিএলকে বাজারে কৃষ্ণপুর ও বিষ্ণপুর এলাকাবাসীর আয়োজনে এতে ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করে। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী গোলাম মোর্শেদ, মনিরুল ইসলাম, সবুর হোসেন, মনিরুল বিশ্বাস, আশরাফুল ইসলাম বলেন, গত ২৮মে (মঙ্গলবার) রাতে উমেদপুর ইউনিয়নের কেষ্টপুর গ্রামের মৃত মকছেদ বিশ্বাসের স্ত্রী মরিয়ম বেগম শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে নিজঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। কিন্তু আত্মহত্যার ঘটনাটি ভিন্নখাতে প্রভাবিত করতে উমেদপুর ইউনিয়নের চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্লা, পরাজিত উপজেলা চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা ও কৃষ্ণপুর গ্রামের ইউপি সদস্য আব্দুল মান্নানের মিথ্যা তথ্যের ভিত্তিতে চাঁদা দাবির অভিযোগে ওই নারী আত্মহত্যা করেছেন বলে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রচার হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তারা অভিযোগ করে আরো বলেন, ওই নারী নিজ ঘরে আত্মহত্যা করেছেন অথচ বাড়ির পাশের চিকন একটি ঢালে ঝুলে তিনি আত্মহত্যা করেছে বলে দাবি করা হচ্ছে। প্রকৃতপক্ষে চাঁদা দাবির কোনো ঘটনাই ঘটেনি। প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য তারা এই নাটক সাজিয়েছেন। ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন তারা।

 

মানবন্ধনে অংশ নেওয়া ওই নারীর ছেলে মনোয়ার হোসেন বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে আমার মা অসুস্থ ছিলেন। পাশাপাশি সংসারে অভাব-অনটন চলছিল। ঠিকমতো মায়ের চিকিৎসা করাতে পারছিলাম না। এসব নানান বিষয় নিয়ে পরিবারে অশান্তি চলছিল, এর কারণেই মা আত্মহত্যা করেন। তার কাছে কেউ চাঁদা দাবি করেননি বলেও তিনি জানান।

 

উল্লেখ্য, গত ২৮ মে রাতে নিজ ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন মরিয়ম বেগম নামের ওই নারী। অভিযোগ ওঠে ওই নারীর ছেলে মনোয়ার বিশ্বাস পরাজিত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেন মোল্লার সমর্থন করায় আশা মেম্বর ও তার সমর্থক মাসুদ রানা, মতাহার হোসেন এবং দুলাল মন্ডল তিন লাখ টাকা চাঁদা দাবি করে। এছাড়া চাঁদা না দিলে বাড়ি ও গ্রামে থাকতে দিবে না বলে চাপ প্রয়োগ করে। এতে মনোয়ার ভয়ে নিজের চার শতক জমি বিক্রি করে চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ রকম ঘটনা শোনার পর মনোয়ারের মা সন্তানের কষ্ট সহ্য না করতে পেরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।



সম্পর্কিত খবর