দেশের খবর

শৈলকুপায় বহিরাগতের ভোটের অভিযোগে ৯ কেন্দ্রের ফলাফল স্থগিতের দাবি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ নং দুধসর ইউপির ৯টি কেন্দ্রে বহিরাগতরা প্রবেশ করে প্রকাশ্যে মোটর সাইকেল, তালা ও ফুটবল প্রতিকের ব্যালটে সীল মারায় নির্বাচনের ফলাফল স্থগিত ও পুনরায় ভোট গ্রহণের দাবি তুলেছেন পরাজিত প্রার্থী শামীম হোসেন। বৃহস্পতিবার (২৩ মে) ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি জানান। ২১ মে দ্বিতীয় ধাপের নির্বাচনে তিনি দোয়াত-কলম প্রতিকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান পদপ্রার্থী। আমার প্রতিক দোয়াত-কলম। গত ২১ মে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শুরু হওয়ার আগে থেকেই আমার প্রতিদ্বন্দ্বী মোটর সাইকেল প্রতিকের প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নু ও তার ক্যাডার বাহিনী বিভিন্ন ভোটকেন্দ্র দখলের চেষ্টা করে। ভোটারদের ভোট কেন্দ্রে আগমনে রাস্তায় রাস্তায় বাঁধা দেয় তার সমর্থকরা। ভোটাগ্রহণের দিন সকাল সাড়ে ১০ টার দিকে বিএলকে মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে আমার সমর্থকদের আসতে বাঁধা দেওয়া হয়। এছাড়া দুধসর ইউনিয়নের ৯টি কেন্দ্রে সকাল থেকেই প্রভাব বিস্তার শুরু করেন মোটর সাইকেল প্রতিকের সমর্থকরা। এরপর শুরু হয় ভোটকেন্দ্রে গিয়ে ব্যালটে সীল প্রদান করা।’

শামীম হোসেনের অভিযোগ, দুধসর ইউনিয়নের ফলিয়া মাধ্যমিক বিদ্যালয়, বাজুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুধসর ডিজিটাল স্কুল, ত্রিপুরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মলমলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাটই সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর দুধসর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৯টি ভোটকেন্দ্রে জোরপূর্বক ব্যালটে সীল মারা হয়েছে। কেন্দ্রে বহিরাগতরা প্রবেশ করে মোটর সাইকেল, তালা ও ফুটবল প্রতীকে অবৈধভাবে সীল প্রদান করে।

তিনি বলেন, ‘নির্বাচনের দুইদিন আগ থেকেই আমার প্রতিপক্ষ মোটর সাইকেল প্রতিকের প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নুর ক্যাডার বাহিনী দুধসর ইউনিয়নের ভোটারদের বাড়িতে যেয়ে ভয়ভীতি প্রদর্শন করে। ত্রাস সৃষ্টি করে তারা আমার সমর্থিত ভোটারদের ভোটকেন্দ্রে আসতে নিষেধ করে ও দুধসর ইউনিয়নের ভোটাদেরকে পোলিং এজেন্ট হতে নিষেধ করে। এতে করে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। ফলে দুধসর ইউনিয়নে কেউ পোলিং এজেন্টও হয়নি এবং ভোটকেন্দ্রে আসতে পারেনি। পরবর্তীতে আমি আমার ইউনিয়ন থেকে আমার সমর্থিত ভোটারদের ওই কেন্দ্রসমূহে পোলিং এজেন্ট করে পাঠালে তাদেরকে মারধোর করে বের করে দেওয়া হয়। নির্বাচনের পরে মন্নু ও তার ক্যাডার বাহিনী আমাদের কর্মী সমর্থকদের বাড়ী ঘরে ব্যাপক ভাবে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করছে। অনেকের মারধোর করে শারীরিক ভাবে জখম করছে।’

শামীম হোসেন বলেন, ‘ফলিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বিকাল সাড়ে ৩টার সময় ব্যালটে সীল প্রদান করার ভিডিও সাংবাদিকগণ ধারণ করেছেন। সেই ভিডিও সময় টিভি, চ্যানেল ২৪সহ বিভিন্ন টেলিভিশন, অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে এবং সেখানে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার বিষয়টি স্বীকার করেছেন। শুধুমাত্র ফলিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রই নয়, দুধসর ইউনিয়নের সব কেন্দ্রে এভাবে জোরপুবর্ক সীল মেরে নেওয়া হয়েছে। তাই আমি দুধসর ইউনিয়নের ওই ৯টি কেন্দ্রের ফলাফল স্থগিত করে বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে পুনরায় ভোটগ্রহণের দাবি জানাচ্ছি।’

সবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- শৈলকুপা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, উমেদপুর ইউনিয়নের চেয়ারম্যান সাবদার হোসেন মোল্লা, ত্রিবেনী ইউনিয়নের চেয়ারম্যান সেকেন্দার আলী মোল্লা, নিত্যানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজ উদ্দিন বিশ্বাস, সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুল হাসান, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহমেদসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।



সম্পর্কিত খবর