বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র রুখতে হলে জনপ্রতিনিধি দরকার। সেজন্য অবিলম্বে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন, অপপ্রচার ও সার্বভৌমত্ব বিরোধী অপতৎপরতা বন্ধের দাবিতে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন।
জয়নুল আবদিন ফারুক বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করায় উগ্রবাদীরা উৎসাহ পাচ্ছে। ভারত হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টি করার উসকানিদাতাদের পক্ষ নিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো অপতৎপরতার জবাব এদেশের জনগণ অবশ্যই দেবে।
তিনি বলেন, বিগত ফ্যাসিস্টের দোসররা এখনো সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। অর্ন্তর্র্বতী সরকারকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ হিসেবে আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা হয়েছে।
বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক এম. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন হৃদয়ের সঞ্চালনায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, প্রিন্সিপাল শাহ মুহাম্মদ নেছারুল হক, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, কৃষক দলের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপুসহ আরও অনেকে।
বায়ান্ন/আরএইচ/একে