দেশের খবর

সংবাদ প্রকাশের পর সাব-রেজিস্ট্রার অফিসের সেই কর্মচারীর দৌড়ঝাঁপ

‘সাব-রেজিস্ট্রার অফিসের কোটিপতি কর্মচারীর বিরুদ্ধে দুদকে অভিযোগ’ এমন শিরোনামে বিভিন্ন দৈনিক ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ শুরু করেছেন ঝিনাইদহের সদর সাব-রেজিস্ট্রার অফিসের করণিক রেজাউল করিম অরফে বাবুল আক্তার। নিজেকে বাঁচাতে ইতিমধ্যে তিনি বিভিন্ন ব্যক্তির নিকট ধর্না দিচ্ছেন।

জানা যায়, জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে গত ২৯ এপ্রিল ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার কোর্টপাড়া এলাকার মৃত শাহজাহান উদ্দিনের ছেলে রেজাউল করিম অরফে বাবুল আক্তারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর অভিযোগ করেছেন রবিউল আলম নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য । এমন অভিযোগের সূত্রে গত (১৩ মে সোমবার) বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। সেই সংবাদ প্রকাশের পর থেকেই নিজেকে বাঁচাতে বিভিন্ন উপায় খুঁজছেন অভিযুক্ত ওই কর্মচারী। একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত সেই সংবাদের প্রতিবাদ দিয়েছেন। এমনকি রাজনৈতিক নেতা ও স্থানীয় সাংবাদিকদের দিয়ে ওই অভিযোগ আড়াল করার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

 

দুদকে পাঠানো অভিযোগ সূত্রে জানা যায়, ঝিনাইদহ সদর সাব-রেজিস্ট্রার কার্যালয় করনিক/ক্লাক পদে চাকুরী করে বর্তমানে অফিস সহকারি (করণিক) হিসেবে কর্মরত আছেন রেজাউল করিম অরফে বাবুল আক্তার। বিগত কয়েক বছর যাবৎ তিনি অনেক অর্থ সম্পদ জায়গা জমি ক্রয় করছেন বলে অভিযোগে উল্লেখ করে বলা হয়েছে, চাকুরীতে যোগদান করার শুরুতে রেজাউল করিমের যে সম্পদ ছিল তা বর্তমানে অনেক বেড়ে গেছে যা তদন্ত করলে প্রমাণ মিলবে। এছাড়া স্থানীয় গ্রামের মাঠ ও জেলা-উপজেলা শহরের বিভিন্ন জায়গায় আনুমানিক এক কোটি ৫০ লক্ষ টাকার সমপরিমাণ অর্থ সম্পদ মজুদ করছেন। তিনি তার স্ত্রী ও ছেলেমেয়ের নামে আলাদা আলাদাভাবে অর্থ সম্পদ করেছেন। এছাড়া টাকা পয়সার অধিক্য ও প্রভাব বিস্তার করে সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে কবজা করে রাখছেন বলেও অভিযোগ রয়েছে। অভিযোগে রেজাউল করিমের কয়েকটি জমির তালিকা দেখিয়ে বলা হয়েছে, তিনি নিজ গ্রাম নাদপাড়া পূর্বপাড়ায় আলিসান বাড়ি নিমার্ণ করেছেন। রেজাউল করিমের বিরুদ্ধে অফিসের দাপ্তরিক কাজে ঘুষ ছাড়া কোনো কাজ না করার অভিযোগ এনে বলা হয়েছে, উচ্চমূল্যে জমি কিনে নিজের চাকরির প্রভাব খাটিয়ে দানপত্র দলিলের মাধ্যমে রেজিস্টারী করেন। এতে তিনি সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব ফাঁকি দিচ্ছেন। কয়েক বছর আগে দুর্নীতি দমন কমিশনে তার বিরুদ্ধে দুর্নীতির তথ্য বের হয় কিন্তু কোনো অজানা কারণে স্থগিত হয় বলেও অভিযোগ সূত্রে জানা গেছে।

 

অভিযোগকারী রবিউল আলম প্রশ্ন রেখে বলেন, ‘কয়েক বছর যাবৎ রেজাউল করিম অনেক অর্থ সম্পদ জায়গা জমি ক্রয় করছে, এই টাকার উৎস কোথায়। অফিস ক্লাক হয়ে এতো বেশী উর্পাজন কিভাবে হয় যে এতো অর্থ সম্পদ তৈরি করা সম্ভব হয়।’ তিনি বলেন, ‘অভিযোগ দেওয়ার বিষয়ে জানতে পেরে তিনি (রেজাউল করিম) অন্যদের কাছে বলছেন যে, ওইসব অভিযোগ দিয়ে লাভ নেই, আমার কিছুই হবেনা আমার টাকা আছে সবকিছু ম্যানেজ করে ফেলবো।’

 

এ বিষয়ে রেজাউল করিম বাবুল বলেন, ‘সব মিথ্যা। অভিযোগকারী আমার ক্ষতি চায়। এজন্য এসব অপপ্রচার করে বেড়াচ্ছে। আপনারা সব যাচাই করে দেখেন।’

 

এসব নিয়ে কথা বলতে জেলা সাব-রেজিস্ট্রার অফিসার সাব্বির আহমেদের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

 



সম্পর্কিত খবর