জামালপুর সদর উপজেলার দিগপাইত উপ-শহরকে মাদক, সন্ত্রাস, ছিনতাই ও চাঁদাবাজিসহ নানা সামাজিক অপরাধ দূর করে সুস্থ ধারার সমাজ গঠনে স্থানীয়রা মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন। দীর্ঘদিন ধরেই এ উপ-শহরে নানা অসামাজিক কর্মকান্ড চলে আসছিল। স্থানীয়দের প্রতিবাদে অপরাধীরা আরও সক্রিয় হয়ে ওঠে। এক পর্যায়ে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী সংগঠনের নেতা ও সচেতন ব্যক্তিগণ এ থেকে পরিত্রাণে বিশেষ ভূমিকায় নামেন। ফলে গত বৃহস্পতিবার সদর উপজেলার দিগপাইত ইউনিয়ন ও সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের যৌথ উদ্যোগে এক মহতী সভা অনুষ্ঠিত হয়। দিগপাইত ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে সভার কাজ শুরু হয়। এতে জামালপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বিজন কুমার চন্দ প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য দেন। এছাড়া জেলা, সদর উপজেলা, সরিষাবাড়ী উপজেলা, দিগপাইত ও মহাদান ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও সুধীজন বক্তব্য দেন। বক্তারা তাদের বক্তব্যে দিগপাইত উপ-শহরকে মাদক, সন্ত্রাস, ছিনতাই ও চাঁদাবাজিসহ নানা সামাজিক অপরাধ দূর করে সুস্থ ধারার সমাজ গঠনের জন্য করণীয় দিকগুলো তুলে ধরেন।মহৎ উদ্যোগ গ্রহণ করেন। পরে মহাদান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আজমত আলী ভূঁইয়াকে আহ্বায়ক করে একটি সামাজিক শান্তি রক্ষা কমিটি গঠন করা হয়। মহাদান ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল অনুষ্ঠানটি পরিচালনা করেন।