দেশের খবর

সরিষাবাড়ীতে নৌকা-ঈগল-ট্রাকের ত্রিমুখী লড়াই

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় আসন-১৪১, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ৭ জন প্রার্থী ভোটের লড়াইয়ে নেমেছেন। তৃণমূল নেতা-কর্মী, ভোটার ও সাধারণ মানুষের ধারণা এবারের নির্বাচনে সরিষাবাড়ীতে নৌকা-ঈগল-ট্রাকের ত্রিমুখী লড়াই হবে। ভোটারদের মন জয় করে কে হবেন এ আসনের সংসদ সদস্য এখন তা দেখার পালা। এ জন্য আগামী ৭ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।

প্রার্থীদের মধ্যে সরকার দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি ডা. মুরাদ হাসান (ঈগল) ও স্বতন্ত্র প্রার্থী প্রিন্সিপাল আবদুর রশীদ (ট্রাক), জাতীয় পার্টির বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম আজাদ (লাঙ্গল) ও জাসদের প্রার্থী গোলাম মোহাম্মদ জিন্নাহ (মশাল)। সরিষাবাড়ীর ভোটের মাঠে এদের নাম শোনা যাচ্ছে। এছাড়া শরীক দলীয় আরও দুইজন প্রার্থী রয়েছেন। 

নির্বাচনী মাঠে-ময়দানে শুধু সরকার দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি ডা. মুরাদ হাসান (ঈগল) ও স্বতন্ত্র প্রার্থী প্রিন্সিপাল আবদুর রশীদ (ট্রাক) এর নাম বেশি শোনা যাচ্ছে। নির্বাচনের এখনও আরও ১৩ দিন বাকি রয়েছে। এর মধ্যে পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী প্রেক্ষাপট পাল্টাতেও পারে। এ আসনের একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ। প্রার্থীরা নিজ নিজ পক্ষে ভোটার টানার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এ জন্য তারা দিন রাত প্রচার-প্রচারণা, গনসংযোগ ও লিফলেট বিতরণ করছেন। প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও পাড়া-মহল্লায় তৈরি করা হয়েছে নির্বাচনী ক্যাম্প। ক্যাম্পগুলোতে সকাল ও বিকেলে চলছে চায়ের আড্ডা। বিশেষ করে সন্ধ্যার পর থেকে প্রায় মধ্য রাত পর্যন্ত ক্যাম্পে ক্যাম্পে কর্মী-সমর্থক-ভোটারদের আনাগোনা লক্ষ্য করা যায়।



সম্পর্কিত খবর