জাতীয়

সিরাজগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জের তাড়াশে যৌতুকের দাবিতে স্ত্রী সাবিনা ইয়াসমিনকে গলায় ওড়না পেছিয়ে শ্বাসরোধ করে হত্যা করার দায়ে স্বামী মোঃ মতিউর রহমান খদগীর ওরফে আঃ মতিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১ লাখ টাকা জরিমানা এবং ৭ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
 
বুধবার (৩০ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এই রায় ঘোষণা করেন।
 
দণ্ডপ্রাপ্ত মোঃ মতিউর রহমান খদগীর ওরফে আঃ মতিন সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ভায়াট গ্রামের মোঃ বাহের আলী খদগীরের ছেলে।
 
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২ এর পাবলিক প্রসিকিউটর মোঃ মাসুদুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দোষী সাব্যস্ত করে আব্দুল মতিনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। 
 
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালে বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রী সাবিনা ইয়াসমিনকে নির্যাতন করে আসছিল মতিন। ২০১১ সালের ২৯ সেপ্টেম্বর রাতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ধানক্ষেতে ফেলে রাখে সে। পরবর্তীতে পুলিশ লাশ উদ্ধার করে এবং নিহতের বড় ভাই মোঃ আব্দুল রাজ্জাক তাড়াশ থানায় হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ রায় দেন।##


সম্পর্কিত খবর