খবর প্রতিদিন

সিলেটে কোথায় কখন ঈদের জামাত


সিলেটের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে প্রায় ৩০০ বছরের পূরনো সিলেটের ঐতিহাসিক শাহি ঈদগাহে। সকাল সাড়ে ৮টায় শাহী ঈদগাহে ঈদ জামাত শুরু হবে বলে জানিয়েছেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

ঈদের জামাতের জন্য প্রস্তত করা হচ্ছে শাহী ঈদগাহকে। ঈদগাহে পরিষ্কার পরিচ্ছন্নের পাশপাশি করা হচ্ছে নতুন রং। এছাড়া ঈদগাহের চারপাশের রাস্তাঘাটও সংস্কার করা হচ্ছে। এখানে ঈদ জামাতে পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. একে আবুল মোমেন অংশ নেবেন বলে জানা গেছে। শাহী ঈদগাহের ঈদ জামাতে ইমামতি করবেন করুনার পীর হিসেবে খ্যাত মুফতি রশিদুর রহমান ফারুক।

এছাড়া সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে ঈদের জামাত হবে সকাল সাড়ে ৮টায়। সেখানে ঈমামতি করবেন দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমেদ।

সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এতে ইমামতি করবেন বন্দরবাজার কালেক্টরেট মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা শাহ আলম।

নগরীর কুদরত উল্লাহ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে মোট ৩টি। এর মধ্যে সকাল সাড়ে ৭টায় প্রথম, সাড়ে ৮টায় দ্বিতীয় ও সাড়ে ৯টায় তৃতীয়টি অনুষ্ঠিত হবে।

অপরদিকে, হযরত শাহপরাণ (রহ.) মাজার মসজিদে সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে জামাত।

উল্লেখ্য, গত দুই বছর করোনার প্রকোপের কারণে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে পড়তে হয়েছিলো ঈদের নামাজ। ফলে খোলা ময়দানে বা ঈদগাহে মুসল্লিরা সমবেত হয়ে ঈদের জামাত হয়নি গত ৪ ঈদে।

 
 


সম্পর্কিত খবর