কারো কোনো অভিযোগ আসেনি। সুন্দর পরিবেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে। আজকের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ২৩তম রাষ্ট্রপতি পদে ভোটের ফলাফল ঘোষণার পর সংসদের প্রবেশ পথে নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন এ কথা বলেন।
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট গণনা শেষে জাতীয় সংসদে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন এ এম এম নাসির উদ্দিন। সিইসির তথ্য অনুযায়ী, ৩৪৩টি ভোট বৈধ হয়েছে। এর মধ্যে ২৫৫ ভোট পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্য প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। তিনি জানান, মোট ভোটার ৩৪৯ জন। ভোট দিয়েছেন ৩৪৩ জন সংসদ সদস্য। যেভাবে ভোট : আওয়ামী লীগের আমলে রাষ্ট্রপতির দায়িত্ব পাওয়া মো. সাহাবুদ্দিন গেল ২৪ জুলাই পদত্যাগ করে বঙ্গভবন ছাড়েন। এর প্রায় চার সপ্তাহ পর হলো নতুন রাষ্ট্রপতি নির্বাচন।
সাড়ে তিন দশকের মাথায় রাষ্ট্রপতি নির্বাচনে বৃহস্পতিবার ভোট দেন সংসদ সদস্যরা। সংসদ কক্ষে ভোট চলে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। রাষ্ট্রপতি নির্বাচনে একানব্বইয়ের পর এবারই প্রথম একাধিক প্রার্থী ছিলেন। ফলে ভোট আয়োজন করতে হয় আইনের বাধ্যবাধকতা মেনে। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করা বিএনপি। প্রার্থিতা বৈধ হওয়ার পরেই এটা নিশ্চিত হয়ে যায় যে, তেইশতম রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিবই বঙ্গভবনে যাচ্ছেন। কারণ দলীয় প্রার্থীর বাইরে গিয়ে সংসদ সদস্যদের ভোট দেওয়ার সুযোগ নেই।
এদিন দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দুপুর ২টায় ভোটের আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরুতে নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন ভোটের নির্দেশিকা তুলে ধরেন। এর পরপরই ভোটদান শুরু হয়। প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। তাদের পর বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ভোট দেন সংসদ নেতা তারেক রহমান। তার পরে ভোট দেন মির্জা ফখরুল। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান ভোট দেন ২টা ১৯ মিনিটে। ব্যালট পেপার জমা দিতে রাখা হয় তিনটা বাক্স।
ভোটগ্রহণ শেষে বিকাল সাড়ে ৫টার দিকে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এ নির্বাচনের শুরুর আনুষ্ঠানিকতা সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন। সংসদের ৩০০ আসনের মধ্যে একটি আসনে প্রার্থিতা বাতিল হয়েছে। আর সংরক্ষিত আসনে এমপি আছেন ৫০ জন। সব মিলিয়ে ত্রয়োদশ সংসদে ৩৪৯ জন এমপি রয়েছেন, যারা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য ছিলেন। তবে ভোট পড়েছে ৩৪৩টি।
ঢাকা: বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেছে দেশটি। বৃহস্পতিবার (২০ আগস্ট) চীনের পক্ষ থেকে দেওয়া এক অভিনন্দন বার্তায় বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন।’ বার্তায় আরও বলা হয়, চীন বাংলাদেশ-চীন সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। নতুন যুগে দুই দেশের অভিন্ন ভবিষ্যৎ নির্মাণে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত রয়েছে বেইজিং। চীন আশা প্রকাশ করেছে, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশ ও দুই দেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণ বয়ে আনা সম্ভব হবে। সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।