ছাত্র-গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে শেখ হাসিনা, তার পরিবার ও সরকারের সঙ্গে জড়িতদের নামে নামকরণ করা ১৬টি প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাব করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে রোববার (৯ মার্চ) এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অবহিত করা হয়।
পত্রে বলা হয়, ১৬ জানুয়ারি ২০২৫ তারিখে উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গের নামে রাষ্ট্রীয় সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণ বাতিলের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
পত্রে আরো বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তাঁর পরিবারের সদস্য বা তাঁর সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন ১৬টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম বাতিল করে নতুন নামকরণের জন্য বাংলাদেশ সেনাবাহিনী হতে প্রস্তাব পাওয়া যায়।
প্রস্তাবনায় টাঙ্গাইলের ভূঞাপুরের অবস্থিত বঙ্গবন্ধু সেনানিবাসের নাম পরিবর্তন করে যমুনা সেনানিবাস রাখার কথা বলা হয়েছে।
কিশোরগঞ্জের মিঠামইনে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাসের নামকরণ হবে মিঠামইন সেনানিবাস।
বরিশালের লেবুখালিতে অবস্থিত শেখ হাসিনা সেনানিবাসের নাম পরিবর্তন করে রাখা হবে বরিশাল সেনানিবাস।
শরীয়তপুরের জাজিরায় অবস্থিত শেখ রাসেল সেনানিবাসের নাম হবে পদ্মা সেনানিবাস।
বিএমএ, ভাটিয়ারিতে অবস্থিত বঙ্গবন্ধু কমপ্লেক্সের (ভাস্কর্যসহ) নাম হবে বিএমএ একাডেমিক কমপ্লেক্স।
চট্টগ্রামের হালিশহরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারী কমপ্লেক্সের নাম হবে আর্টিলারি সেন্টার এন্ড স্কুল
কক্সবাজারের রামু সেনানিবাসে অবস্থিত মুজিব রেজিমেন্ট আর্টিলারির নাম হবে ১ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি।
রাজধানীর বিজয় স্মরণীতে অবস্থিত বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের নাম হবে বাংলাদেশ সামরিক জাদুঘর।
শরীয়তপুরের জাজিরার চরজানাজাতে অবস্থিত বঙ্গবন্ধু কম্পোজিট মিলিটারি ফার্মের নাম হবে কম্পোজিট মিলিটারি ফার্ম, জাজিরা।
ঢাকা সেনানিবাসে অবস্থিত বঙ্গবন্ধু জাদুঘরের নাম হবে স্বাধীনতা জাদুঘর।
টাঙ্গাইলের ভূঞাপুরে অবস্থিত বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের নাম হবে যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।
নারায়নগঞ্জের জলসিঁড়িতে অবস্থিত শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের নাম হবে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জলসিঁড়ি।
শরীয়তপুরের জাজিরায় অবস্থিত শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের নাম হবে পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।
বরিশালের লেবুখালিতে অবস্থিত শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের নাম হবে বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।
চট্টগ্রাম সেনানিবাসে অবস্থিত শেখ কামাল কমপ্লেক্সের (ভাস্কর্যসহ) নাম হবে ইবিআরসি একাডেমিক কমপ্লেক্স এবং চট্টগ্রামের হালিশহরে অবস্থিত মুজিব ব্যাটারী সড়কের নাম হবে গোলন্দাজ সড়ক।
প্রধান উপদেষ্টার কাছে পাঠানো সারসংক্ষেপে প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো বলেছে, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী অনুচ্ছেদ-২ এ বর্ণিত সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নাম বাতিল করে প্রস্তাবিত নতুন নামে নামকরণের প্রস্তাব সদয় অনুমোদন করা যেতে পারে।
বায়ান্ন/এসবি/একে