জাতীয়

সৌদি-কাতার এবং আরব আমিরাত থেকে ৯০ টন সার কিনবে সরকার

রাষ্ট্রীয় চুক্তি ও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সৌদি আরব, কাতার ও আরব আমিরাত থেকে ৩৩৯ কোটি ৬৬ লাখ টাকার ৯০ হাজার টন সার কেনার অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে ৬০ হাজার টন ইউরিয়া ও ৩০ হাজার টন ফসফেট সার কেনা হবে। 

বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সংক্রান্ত আলাদা তিনটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। 

জানা যায়, শিল্প মন্ত্রণালয়ের আওতায় চলতি ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য সৌদি আরবের কৃষি পুষ্টি কোম্পানি (সাবিক) থেকে ১১তম লটের ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১২৩ কোটি ২৩ লাখ ৮৮ হাজার টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৩৪২.৩৩ মার্কিন ডলার।

চলতি ২০২৪-২০২৫ অর্থবছরে কাতার এনার্জি মার্কেটিং থেকে ৬ষ্ঠ লটে ৩০ হাজার টন ব্যাগড প্রিল্ড ইউরিয়া সার আমদানির প্রস্তাবনা অনুমোদন দেওয়া হয়ে। এতে ব্যয় হবে ১৩৩ কোটি ৮ লাখ ১২ হাজার টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৩৬৯.৬৭ মার্কিন ডলার।

অন্যদিকে, চলতি অর্থবছরে উন্মুক্ত পদ্ধতিতে টিএসপিসিএলের জন্য ৩০ হাজার মেট্রিক টন রক ফসফেট আমদানির প্রস্তাবন অনুমোদন দিয়েছে সরকার। ওই সার সরবরাহ করবে কাতারে উৎপাদন করা আরব আমিরাতের মেসার্স জেনট্রেড এফজেডই নামের প্রতিষ্ঠান। সারের ব্যয় হবে ৮২ কোটি ৬২ লাখ টাকা। প্রতি টন সারের দাম পড়বে ২২৯.৫০ মার্কিন ডলার।

বায়ান্ন/এমএমএল/একে



সম্পর্কিত খবর