ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার একটি পানের বরজ থেকে সালমা খাতুন (২৭) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের গুড়পাড়া গ্রামের বিশ্বাসপাড়ায় নিহতের স্বামীর পানের বরজ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সালমার ডান কান ও নাক কেটে মরদেহের পাশে একটি কিটনাশকের বোতল ফেলে রেখে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তিনি ওই গ্রামের কৃষক তরিকুল ইসলামের স্ত্রী ও দুই সন্তানের জননী। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত থেকে নিখোঁজ ছিলেন সালমা বেগম।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে সালমা নিখোঁজ ছিল। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে শুক্রবার বেলা ১২টার দিকে বাড়ি থেকে দেড়’শ গজ দূরে তরিকুলের পানের বরজে তার মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ পানের বরজ থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা পরকীয়ার জেরে এই হত্যার ঘটনা ঘটেছে। হত্যাকারীরা তাকে ধর্ষণের পর তার ডান কান ও নাক কেটে মরদেহের পাশে একটি কীটনাশকের বোতল ফেলে রেখে য়ায়।
কোটচাঁদপুর থানার ডিউটি অফিসার এ.এস.আই মাহমুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে বিকাল ৪টার দিকে লাশ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী তরিকুল এবং তরিকুলের আপন দুই ভাই নাজির ও তোরাবসহ পাঁচজনকে আটক করেছে।