টপ নিউজ

হজযাত্রীদের ব্যয় কমাতে সৌদির সহযোগিতা চাইল বাংলাদেশ

 

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের হজযাত্রীদের ব্যয় কমাতে সৌদি আরবের আরোপিত হজ ফ্লাইট-সংক্রান্ত কর ও চার্জ হ্রাস এবং আবাসনের ক্যাটাগরি-ডি সুবিধা পুনর্বহালের জন্য সৌদি সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবন ধাফের ইবন উবাইয়া।

সোমবার (১৩ জুলাই) দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ়, গতিশীল ও বহুমাত্রিকভাবে সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ। পাশাপাশি বেসামরিক বিমান চলাচল, পর্যটন এবং হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, সৌদি সরকারের আরোপিত হজ ফ্লাইট-সংক্রান্ত কর ও চার্জ কমানো হলে বাংলাদেশের বিপুলসংখ্যক হজযাত্রী আর্থিকভাবে উপকৃত হবেন। এ বিষয়ে তিনি সৌদি রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন। জবাবে সৌদি রাষ্ট্রদূত বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়ে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশি হজযাত্রীদের জন্য আবাসনের ক্যাটাগরি-ডি সুবিধা না থাকায় প্রতি যাত্রীর আবাসন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই বাংলাদেশি হজযাত্রীদের স্বার্থে এ সুবিধা পুনর্বহালে সৌদি কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন। সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশি হজযাত্রীদের সেবার মান উন্নয়ন, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং হজের ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখতে সৌদি সরকার আন্তরিক। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বাংলাদেশ-সৌদি আরবের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি হজ ব্যবস্থাপনা, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 



সম্পর্কিত খবর