রাজনীতি

হাসিনা-টিউলিপসহ ১৮ জনের মামলায় রায় ২ ফেব্রুয়ারি

প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ভাগ্নে রাদওয়ান সিদ্দিক ববি, ভাগ্নি টিউলিপ সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক শেষে হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রোববার (১৮ জানুয়ারি) সকালে রায়ের জন্য দিন ধার্য করা হয়।

 

আজ মামলাটির যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল। দুদকের পক্ষে আইনজীবী হাফিজুর রহমান যুক্তিতর্ক তুলে ধরেন। তিনি আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা করেন। শেখ হাসিনা, রাদওয়ান সিদ্দিক ববি, টিউলিপ সিদ্দিকসহ ১৮ আসামি গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে পলাতক রয়েছেন। এজন্য তাদের পক্ষে যুক্তি উপস্থাপন করা সম্ভব হয়নি।  তবে কারাগারে থাকা একমাত্র আসামি খুরশীদ আলমের পক্ষে তার আইনজীবী শাহীনুর ইসলাম যুক্তিতর্ক তুলে ধরেন। দুদক অভিযোগ প্রমাণ করতে পারেনি উল্লেখ করে তার খালাস চান। উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত ২ ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য করেন।

 

মামলার অন্য আসামিরা হলেন-গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ে সচিব শহীদ উল্লা খন্দকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সাবেক পরিচালক শেখ শাহিনুল ইসলাম, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য সামসুদ্দীন আহমদ চৌধুরী, তন্ময় দাস, সাবেক সহকারী পরিচালক ফারিয়া সুলতানা ও মাজহারুল ইসলাম, সাবেক উপপরিচালক নায়েব আলী শরীফ।

 



সম্পর্কিত খবর