জাতীয়

৪ হাজার ৯৮৫ জনকে ৪৭ কোটি টাকা যুব ঋণ দেবে সরকার

যুব দিবস উপলক্ষ্যে ৪ হাজার ৯৮৫ জন যুবকে ৪৭ কোটি ২৬ লাখ ১৪ হাজার টাকা যুব ঋণ দেবে সরকার। এরমধ্যে ২ হাজার ৫৩৪ জন যুব ও ২ হাজার ৪৫১ জন যুব নারীকে এ ঋণ দেওয়া হবে বলে জানান যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মো. সাইফুজ্জামান।

সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম উপস্থিত ছিলেন।

 

সংবাদ সম্মেলনে ড. গাজী মো. সাইফুজ্জামান বলেন, আগামী ১২ আগস্ট (মঙ্গলবার) জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস  উদযাপন করা হবে। এ বছর জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য বিষয় ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ নির্ধারণ করা হয়েছে। 

 

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান উত্তর তারুণ্যের জয়যাত্রাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর যুবশক্তিকে মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ঋণ, সংগঠনভিত্তিক স্বেচ্ছা ও সেবামূলক কাজে যুবদের সম্পৃক্তকরণে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম অব্যাহত আছে। যুবরাই উন্নয়ন ও উৎপাদনের প্রধান হাতিয়ার। জুলাই গণঅভ্যুত্থানের ন্যায় বৈষম্য ও অন্যায়ের প্রতিরোধ যুদ্ধে বিজয়ী যুব সমাজকে যুব উন্নয়ন অধিদপ্তর আধুনিক বিজ্ঞানমনস্ক কারিগরি প্রশিক্ষণ, প্রশিক্ষণোত্তর আর্থিক ও উপকরণ সহায়তার মাধ্যমে মানব সম্পদে পরিণত করার মহান ব্রত নিয়ে বছরে প্রায় ২ লাখ যুব কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানে নিয়োজিত হচ্ছেন।

 



সম্পর্কিত খবর