সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে সড়ক বিভাগের কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীসহ শ্রমিকরা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক টোকন জোয়ার্দ্দার, সহ-সভাপতি সিবলু মিয়া, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুপ হোসেন কাজল, সওজ শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম, সহ-সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামসহ অন্যান্য নেতারা।
বক্তারা ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে— বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করে চাকরি রাজস্বকরণ; মাস্টাররোল শ্রমিক-কর্মচারীদের সাময়িক শ্রমিক নীতিমালায় অন্তর্ভুক্ত করা বন্ধ; এবং ২৭ ও ৭ নম্বর মামলায় অন্তর্ভুক্ত শ্রমিক-কর্মচারীদের প্রথম যোগদানের তারিখ থেকে দ্রুত পেনশন নীতিমালা চূড়ান্ত করা।
মানববন্ধন শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।