নড়াইলে দেশের জনপ্রিয় পোশাক ব্র্যান্ড ‘ইজি ফ্যাশন’-এর ৯৪তম শাখার উদ্বোধন করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে শহরের বাণিজ্যিক কেন্দ্র সিকদার কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে তিনি এই শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মোহাম্মদ আশরাফুল আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে নিজের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, আগামী ২৬ ডিসেম্বর বিপিএলের ১২তম আসর শুরু হতে যাচ্ছে, যা দেশের শীর্ষ টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এবার আমি ‘রংপুর রাইডার্স’-এর সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছি। ২০১৭ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর গত নয় বছরে রংপুর রাইডার্স আর শিরোপা জিততে পারেনি। তবে এবার দলে মোস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান, লিটন দাস, তৌহিদ হৃদয়, নাহিদ রানা, রকিবুল হাসান, নাঈম শেখ ও সাইফ হাসানের মতো দেশসেরা ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশি ও বিদেশি ক্রিকেটারদের সমন্বয়ে আমাদের দলটি বেশ শক্তিশালী। ক্রিকেটাররা যদি তাদের সেরাটা মাঠে দিতে পারেন, তবে এবার আমরা চ্যাম্পিয়ন হওয়ার জোরালো আশা করতে পারি।
পোশাক ব্র্যান্ড ইজি ফ্যাশনের প্রশংসা করে আশরাফুল আরও বলেন, পোশাকের গুণগত মান ও আধুনিকতার সমন্বয় ধরে রাখায় ইজি ফ্যাশন খুব দ্রুত জনপ্রিয়তা ও সাফল্য পেয়েছে। এই প্রতিষ্ঠানের উদ্যোক্তারা ক্রিকেট অনুরাগী হওয়ায় তাদের আহ্বানে আমি নড়াইলে এসেছি। আনন্দের বিষয় হলো, আসন্ন বিপিএলে ইজি ফ্যাশন ‘রংপুর রাইডার্স’ দলের স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে, যা ক্রিকেটের প্রসারে একটি ইতিবাচক পদক্ষেপ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইজি ফ্যাশন লিমিটেডের পরিচালক মোহাম্মদ তৌহিদ চৌধুরী, মহাপরিচালক মোহাম্মদ আমজাদ চৌধুরী, রূপগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি রজিবুল বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ এবং বিশিষ্ট ব্যবসায়ী সিকদার তোফায়েল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শোরুমটির যাত্রা শুরুর প্রথম দিনেই ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।