আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তবে এ ঘটনায় নিরীহ কোন ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন প্রশাসনকে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে বলেও জানান তিনি।
সোমবার (২ ডিসেম্বর) সকালে নগরীর ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড পরিদর্শকালে এ দাবি জানান মেয়র।
এসময় তিনি আরও বলেন, সন্ত্রাসী যেই হোক সে যদি সিটি কর্পোরেশনের কোন পরিচ্ছন্ন কর্মকর্তাও হয়ে থাকে তাকে প্রশাসন গ্রেপ্তার করবে। এ ব্যাপারে সিটি কর্পোরেশন কোন ধরনের হস্তক্ষেপ করবে না। আমি চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি যাতে সিটি কর্পোরেশনের কোন নিরীহ কর্মকর্তা-কর্মচারী যাতে গ্রেপ্তার না হয় সেটা নজর রাখতে হবে।
জনগণের সহযোগিতা কামনা করে ডা. শাহাদাত বলেন, আমরা রাতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছি। দিনের বেলায় যত্রতত্র ময়লা না ফেলে একটা সুনির্দিষ্ট সময় আপনারা ফেলেন, বিকালে বা সন্ধ্যার পরে। সিটি কর্পোরেশনের সেবকগণ সেটা কালেকশন করে নিয়ে যাবে। সুনির্দিষ্ট সময়ে ময়লা ফেললে আমাদের ময়লা আবর্জনা পরিষ্কার করতে সুবিধা হবে। জনগণের সেবা দিতে আমরা বদ্ধপরিকর। জনগণের সেবক হিসেবে আমরা কাজ করছি। কাজেই আমি মনে করি আমরা সবাই মিলে একটা সুন্দর পরিচ্ছন্ন শহর, ক্লিন-গ্রিন-হেলদি সিটি জনগণকে উপহার দিব।
পরিচ্ছন্ন কর্মীদের উদ্দেশ্যে মেয়র বলেন, পরিচ্ছন্ন কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা অনুপস্থিত আছেন কিংবা কাজের গাফিলতি করছেন তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমি চাই তারা জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের সেবা দিবে।
তিনি বলেন, ওয়ার্ড সচিবদের মধ্যে যারা কাজ করছে না বা যাদের বিরুদ্ধে সমস্যা পাওয়া গেছে তাদেরকে গতকাল আদেশ দিয়ে বদলি করেছি। সেখানেও যদি তারা ঠিকমতো দায়িত্ব পালন না করে তবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। দায়িত্বে ফাঁকি দিলেই শাস্তি হবে। জনগণকে ভোগালে চাকরি থাকবে না এটা আমার নির্দেশ।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী’সহ (মারুফ) পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বায়ান্ন/প্রতিনিধি/একে