জাতীয়

ঈদযাত্রা: ১৪ মার্চ থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৪ মার্চ। ঈদের আগে ২৫ মার্চ থেকে পরবর্তী সাত দিনের টিকিট পাওয়া যাবে।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ঈদ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, যাত্রীরা ১৪ মার্চ থেকে একযোগে অনলাইন ও কাউন্টার- দুই মাধ্যমেই বাসের টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে কিছু পরিবহন কোম্পানি পুরোপুরি অনলাইনে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে, ফলে যাত্রীদের দুই ধরনের সুযোগ থাকবে।

তিনি আরও জানান, বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। এ বিষয়ে বাস মালিকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদের সময় যাত্রীসেবার মান নিশ্চিত করতে মালিক সমিতির মনিটরিং টিম টার্মিনালগুলোতে সক্রিয় থাকবে।

এছাড়া, নাইট কোচের নিরাপত্তা বাড়াতে প্রতিটি বাস ছাড়ার আগে ভিডিও রেকর্ডিং করার পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে জানান শুভঙ্কর ঘোষ রাকেশ।



সম্পর্কিত খবর