এইচএসসি ও সমমানের পরীক্ষার সদ্য প্রকাশিত ফলাফলে নীলফামারীর জলঢাকা উপজেলার তিনটি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এই ফলাফল স্থানীয় শিক্ষাব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফল অনুযায়ী, জলঢাকার বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৫ জন, চাওড়াডাঙ্গী স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬ জন এবং গোলমুন্ডা আদর্শ কলেজ থেকে ৩ জন করে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই তিন প্রতিষ্ঠানের কেউই কৃতকার্য হতে পারেননি।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক মহল। একজন অভিভাবক মন্তব্য করেন, “শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সঠিকভাবে পাঠদান না হওয়ার কারণে সন্তানেরা পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলছে।” তাঁরা সংশ্লিষ্ট কলেজগুলোর বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে চাওড়াডাঙ্গী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মনমথ চন্দ্র রায় নিজেদের দুর্বলতা স্বীকার করে বলেন, “আমাদের কলেজ শাখা এখনো এমপিওভুক্ত হয়নি। ফলে ঝরে পড়া বা দুর্বল শিক্ষার্থীরাই এখানে ভর্তি হয়। ভবিষ্যতে এই পরিস্থিতি যাতে না হয়, আমরা সেই উদ্যোগ নেব।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশরাফ-উজ-জামান সরকার বলেন, “যেসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে পারেনি, তাদের বিষয়ে শিক্ষা বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে উপজেলা পর্যায় থেকে সরাসরি শোকজ করার এখতিয়ার আমাদের নেই।”
এই ফলাফলে জলঢাকার স্থানীয় শিক্ষাব্যবস্থার মান এবং মানোন্নয়নের প্রয়োজনীয়তা সামনে এসেছে।