দেশের খবর

এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে তীব্র সাইরেন বাজিয়ে চেয়ারম্যান প্রার্থীর শোডাউন

জয়পুরহাটের ক্ষেতলালে এসএসসি পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষা কেন্দ্রের সামনে দিয়ে তীব্র সাইরেন, হর্ণ ও মাইক বাজিয়ে প্রায় দেড় হাজার মোটরসাইকেল ও অটোরিক্সার শোডাউন করেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দুলাল মিয়া সরদার। এতে রাস্তায় যানজট সৃষ্টিসহ পরীক্ষার্থীদের মনোযোগে বিঘ্ন ঘটে। তবে এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী বলেন, কেন্দ্রের সামনে দিয়ে যাওয়ার সময় সকল সাইরেন বন্ধ করা হয়েছিল। কোন শব্দ হয়নি।
 
 মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এসএসসি ও সমমান পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন সময় ক্ষেতলাল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের সামনে দিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান  প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি দুলাল মিয়া সরদার নিজের জনপ্রিয়তা দেখাতে  প্রায় দেড় হাজার মোটরসাইকেল এবং দুই শতাধিক অটোরিক্সার শোডাউন নিয়ে যান। পরিক্ষা চলাকালীন সময়ে ওই শোডাউনের শত শত মোটরসাইকেল ও অটোরিক্সা থেকে কর্মী-সমর্থকরা হর্ণ, তীব্র সাইরেন ও মাইক বাজাতে থাকেন। যার ফলে ওই কেন্দ্রের ওই কেন্দ্রের পরীক্ষার্থীদের মনোযোগে বিঘ্ন ঘটাসহ কেন্দ্রের সামনে তীব্র জানজটের সৃষ্টি হয়। সেই সাথে সাধারণ পথচারীসহ পরীক্ষার্থীদের অভিভাবকগণকে দূর্ভোগ পোহাতে হয়। 
 
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পরীক্ষার্থী বলেন, আমরা পরীক্ষার দেয়ার সময় বাইরে প্রচন্ড সাইরেন ও হর্ণের শব্দ হচ্ছিল।  যার ফলে আমরা মনোযোগ হারিয়ে ফেলি। আমরা এর তীব্র প্রতিবাদ করছি।
 
কেন্দ্রের বাইরে অবস্থানরত কয়েকজন অভিভাবক বলেন, পরীক্ষা চলাকালীন আমরা কেন্দ্রের বাইরে অবস্থান করছিলাম। এমন সময় হঠাৎ রাস্তায় দেখি এক চেয়ারম্যান প্রার্থীর এক হাজারেরও বেশি মোটরসাইকেল ও অটোরিকশা নিয়ে তীব্র সাইরেন, মাইক ও হর্ণ বাজিয়ে ছুটে আসতে। পরীক্ষা চলাকালীন সময় এমন কাণ্ড যারা করে তারা চেয়ারম্যান হয়ে কি উপকার করবে? আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 
 
এবিষয়ে ক্ষেতলাল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের হল সুপার (ভোকেশনাল) জিএম কিবরিয়া বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের বাহিরে তীব্র সাইরেন, হর্ণ ও মাইকের শব্দ শুনেছি। শুনলাম কোন এক নেতা শোডাউন দিচ্ছে। পরীক্ষা চলাকালীন সময়ে এই শোডাউনের কারণে পরীক্ষার্থীদের মনোযোগে বিঘ্ন ঘটছে। তারা চাইলে পরীক্ষার পর শো ডাউনটি দিতে পারত। এটা যারা করেছে তারা অন্যায় করেছে। আমরা বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছি। 
 
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি দুলাল মিয়া সরদারের সাথে  মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কেন্দ্রের সামনে দিয়ে যাওয়ার সময় সকল সাইরেন বন্ধ করা হয়েছিল। কোন শব্দ হয়নি।
 
এবিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, শো ডাউনের বিষয়ে আমারদের থেকে তিনি কোন অনুমতি নেননি। এজন্য পূর্ব থেকে এ বিষয়ে আমরা অবগত ছিলাম না।
 
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান আল ইমরান বলেন, আমি বিষয়টি জানিনা, আপনার থেকেই শুনলাম। বিষয়টি জেনে নিয়ে আপনাকে জানাচ্ছি। 


সম্পর্কিত খবর