পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় গভীর রাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা এক হেলপার নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) ভোরে 'লিসা' এবং 'বাহক' নামে বাস দুটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত হেলপারের নাম মো. সিয়াম (২৫)। তিনি বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুরের উজিরপুর ইউনিয়নের কবির হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর পৌনে ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে থাকা পার্ক করা বাহক নামে বরিশাল মালিক সমিতির বাস (বরিশাল মেট্রো ব ১১০১৩২) এবং ঝালকাঠি সমিতির লিসা নামে একটি বাসে (খুলনা মেট্রো ব ১১০০৫১) কে বা কারা অগ্নিসংযোগ করে।
পরে বাসে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এ সময় টহলরত পুলিশ এসে আশপাশের বাসের ভেতরে ঘুমন্ত ব্যক্তিদের জাগিয়ে তোলে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বাহক নামে বাসটির ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে আরও জানা যায়, ‘লিসা’ বাসটির মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম সরদার। অন্যদিকে ‘বাহক’ বাসটির মালিক ঝালকাঠির অমিত পাল।
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান জানান, ভাণ্ডারিয়া একটি ট্রানজিট পয়েন্ট হওয়ায় এখানের বাসস্ট্যান্ডের আশাপাশে অনেক বাস পার্ক করা থাকে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার আশঙ্কায় গতকাল রাতে উপজেলা প্রশাসনের মাধ্যমে আশপাশের সব বাসগুলো ভান্ডারিয়া কালেমা চত্বরে নিয়ে আসা হয়। তারপরেও কালেমা চত্বরে দুটি বাসে আগুন দেয়। তবে ভান্ডারিয়া থানা পুলিশের টহলরত পুলিশ থাকাই ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান জানান, গতকাল গভীর রাতে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে থাকা দুটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আগুনে এক হেলপারের নিহত হয়েছে। পুলিশ রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কে বা কারা আগুন দিতে পারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।