টপ নিউজ

ওমানে একসঙ্গে বাংলাদেশি আপন ৪ ভাইয়ের মৃত্যু নিয়ে রহস্য

ওমানের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর থেকে বাংলাদেশি চার ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। বুধবার (১৩ মে) তাদের মরদেহ উদ্ধার করা হয়।  ওমানে থাকা একই এলাকার বাসিন্দা ও নিহতদের মামাতো ভাই বাবু বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে স্থানীয়রা একটি গাড়ির ভেতরে চার জনকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।

 

 

নিহতরা হলেন—চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়া এলাকার একই পরিবারের চার সহোদর রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম।

 

পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে একে একে আপন চার ভাই পাড়ি জমিয়েছিলেন সুদূর ওমানে। এক ভাইয়ের বিয়ের কেনাকাটা করতে বের হয়েছিলেন তারা। খুব শিগগিরই দুই ভাইয়ের দেশে ফেরার কথা ছিল।

 

 

তবে কী কারণে, কিভাবে তাদের মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা ক্লান্ত ছিলেন এবং গাড়ির ভেতরে এসি চালিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। এতে এসির গ্যাস লিকেজ বা বিষক্রিয়াজনিত কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।

 

দেশটির পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। বর্তমানে চার ভাইয়ের মরদেহ রোস্তাক থানার হেফাজতে রয়েছে এবং মাস্কাটে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 



সম্পর্কিত খবর