চট্টগ্রাম প্রতিদিন

কাতারে বাঁশখালীর প্রবাসী যুবককে গলা কেটে হত্যা, শোকের ছায়া গ্রামে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাতার প্রবাসী আসিফ মুহাম্মদ সায়েম (২৪) নামের এক যুবককে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাতে কাতারস্থ (কাতারে অবস্থিত) নিজ বাসায় এই লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

নিহত আসিফ মুহাম্মদ সায়েম বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গন্ডামারা তালুকদার বাড়ির মোহাম্মদ মোজাম্মেল হকের ছেলে। জানা যায়, প্রায় চার বছর আগে তিনি প্রবাস জীবন শুরু করেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।

 

 

বর্তমানে নিহত সায়েমের মরদেহ কাতার পুলিশের হেফাজতে হাসপাতালে রাখা হয়েছে। কাতার পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে হত্যাকারীকে আটকের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

 

নিহতের পিতা মোহাম্মদ মোজাম্মেল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার ছেলেকে খুন করে ফেলল। সংসার চালানোর একমাত্র ভরসা ছিল আমার ছেলেটি।" সায়েমের ভাই-বোনরা ভাই হারানোর শোকে ভেঙে পড়েছেন এবং পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, "ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। সরকারি প্রক্রিয়ার মাধ্যমে নিহতের মরদেহ দ্রুত দেশে আনার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও দূতাবাসকে অবহিত করা হবে।"

 

শোকাহত পরিবার দ্রুততম সময়ে সায়েমের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।



সম্পর্কিত খবর