খুলনা

কারাবাস শেষে ভারত থেকে দেশে ফিরল ২ কিশোরী

ভারতে পাচার হওয়া দুই কিশোরী সাজা ভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে।

মঙ্গলবার বিকেলে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি সাইফুর রহমান জানান।

ফেরত আসা ব্যক্তিরা হলেন—নড়াইলের মহিষখোলা গ্রামের লাবু বিশ্বাসের মেয়ে লাবনী বিশ্বাস (১৮) ও একই গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের মেয়ে মনি বিশ্বাস (১৯)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি সাইফুর রহমান বলেন, ভালো কাজের আশায় দালালচক্রের খপ্পরে পড়ে তারা ২০২৪ সালের ৪ আগস্ট অবৈধভাবে সীমান্তের চোরাপথ দিয়ে ভারতে যায়। বেঙ্গালুরু শহরে তারা বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় ২৭ আগস্ট অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশের হাতে আটক হয়। পরে আদালতের মাধ্যমে তাদের ‘বালাকিরা বালামন্দির’ নামের গার্লস হোমে রাখা হয়। দুই বছর পর ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ বিকেলে তারা দেশে ফিরেছে। তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি মানবাধিকার সংগঠন তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য গ্রহণ করেছে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড ওয়ার্কার শফিকুল ইসলাম বলেন, ফেরত আসা কিশোরীদের নিজস্ব শেল্টার হোমে রাখার পর নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 


সম্পর্কিত খবর