খুলনা

কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শেখ হাসিনা দিল্লিতে বসে আওয়ামী লীগের নেতাকর্মীদের উস্কানি দিচ্ছেন। কালীগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীদের বলতে চাই, তাঁর উস্কানিতে এমন কিছু করবেন না যাতে আপনাদের অবস্থাও শেখ হাসিনার মতো হয়। দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিএনপির বিরুদ্ধে চক্রান্তের প্রতিবাদে কালীগঞ্জে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ এ কথা বলেন।

কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শনিবার বিকেলে শহরের কালীবাড়ি মোড়ে আয়োজিত সমাবেশে এম এ মজিদ আরও বলেন, আওয়ামী নেতারা গত সংসদ নির্বাচনে গোপনে দাঁড়িপাল্লার সাথে লিয়াজো করে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন। এখন তাঁদের উস্কানি থেকেই আওয়ামী লীগ বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে। তিনি বলেন, শেখ হাসিনার বিচার ও ফাঁসির রায় হয়েছে, তিনি দিল্লি থেকে আর দেশে ফিরতে পারবেন না। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ভালো হয়ে যান, নইলে পরিণতি ভালো হবে না।

সমাবেশে আরও বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, সাবেক সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ নেতা তবিবর রহমান মিনি এবং ডা. নুরুল ইসলাম। এ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী যোগ দেন।

 


সম্পর্কিত খবর