টপ নিউজ

ঘরে বসেই মিলবে ভবন নকশার অনুমোদন

এখন থেকে ঘরে বসেই ভবন নকশা অনুমোদনের আবেদনসহ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) বিভিন্ন সেবা সহজে পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এ ব্যবস্থায় এক মাসের মধ্যে নকশা অনুমোদনসহ অন্যান্য সেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সিউক। বিশ্ব বসতি দিবস উপলক্ষে সংস্থাটি সিলেটে চালু করতে যাচ্ছে- ইলেকট্রনিক নির্মাণ অনুমোদন ব্যবস্থা (ইসিপিএস)। শনিবার (৩ অক্টোবর) সিউকের সভা কক্ষে বিশ্ব বসতি দিবসকে সামনে রেখে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

 

সিউক চেয়ারম্যান বলেন, ‘বিশ্ব বসতি দিবস উপলক্ষে সিলেটে চালু হচ্ছে ইলেকট্রনিক নির্মাণ অনুমোদন ব্যবস্থা (ইসিপিএস)। এর মাধ্যমে নাগরিকেরা অনলাইনে আবেদন জমা দেওয়ার পাশাপাশি আবেদনের অগ্রগতিও জানতে পারবেন। প্রবাসীদের জন্য থাকছে বিশেষ ‘প্রবাসী এক্সপ্রেস সার্ভিস’। এ ব্যবস্থায় এক মাসের মধ্যে নকশা অনুমোদনসহ অন্যান্য সেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সিউক।’

আগামী সোমবার (৫ অক্টোবর) সিলেটে প্রথমবারের মতো সিউকের উদ্যোগে পালিত হবে বিশ্ব বসতি দিবস। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবার বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়।

 

 

এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’। সিউক সূত্রে জানা গেছে, ৫ ও ৬ অক্টোবর দুই দিনব্যাপী বিশ্ব বসতি দিবসের কর্মসূচি অনুষ্ঠিত হবে। সিলেট নগরের রিকাবীবাজার স্টেডিয়ামসংলগ্ন মোহাম্মদ আলী জিমনেশিয়ামে এসব কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রথম দিন বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভার পর দুপুর ১টায় ইসিপিএসের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের।

 

 

দুই দিনের আয়োজনে শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে বিভিন্ন প্রতিযোগিতা ও প্রদর্শনী। এর মধ্যে রয়েছে আবাসন ও নগরায়ণ বিষয়ে ভাবনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, বিভিন্ন মডেল ও আলোকচিত্র প্রদর্শনী। সিউক জানিয়েছে, ইতোমধ্যে নগরায়ণসংক্রান্ত ৩০টির বেশি ভাবনা জমা পড়েছে।

 

৬ অক্টোবর দ্বিতীয় দিনে পরিবেশ সুরক্ষায় আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। পরে টেকসই নগরায়ণ ও আবাসন বিষয়ে বিশেষ সেমিনারের আয়োজন করা হবে। একই দিন প্রতিযোগিতাগুলোর চূড়ান্ত মূল্যায়ন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনের আয়োজন শেষ হবে।

 

সিউকের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ যাত্রার শুরু থেকেই নাগরিক সেবা সহজ করার লক্ষ্যে কাজ করছে। ইসিপিএস তারই একটি বাস্তব প্রতিফলন। এর মাধ্যমে সেবাপ্রার্থীরা ঘরে বসেই আবেদন জমা দিতে পারবেন এবং আবেদনের অগ্রগতি অনুসরণ করতে পারবেন।’

 

সিউক জানিয়েছে, এর আগে সিলেটে বিশ্ব বসতি দিবসের আয়োজন সিলেট গণপূর্ত বিভাগের উদ্যোগে হলেও এবারই প্রথম সিউক দিবসটি আয়োজন করছে। বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বয়ে দুই দিনের কর্মসূচি সাজানো হয়েছে।

 

সিউকের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিলেটকে আধুনিক, পরিবেশবান্ধব ও পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সিউক কাজ করছে। পরিকল্পিত নগরায়ণে তরুণ প্রজন্মকে যুক্ত করার পাশাপাশি আবাসন খাতের সংশ্লিষ্ট পক্ষগুলোকে একটি প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

 



সম্পর্কিত খবর