ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার খয়েরতলা ও আনন্দবাগ গ্রামের মধ্যবর্তী মাঠের বুক চিরে চলে গেছে একটি পিচঢালা সড়ক। সড়কের দুই পাশে সারি সারি দাঁড়িয়ে থাকা শতাধিক খেজুরগাছ সৃষ্টি করেছে এক মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। সবুজ ফসলের মাঠের মাঝখানে এমন মনোরম পরিবেশ উপভোগ করতে প্রতিদিন বিকেলে শহরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা।
জানা যায়, ১৯৮৬ সালে খয়েরতলা গ্রামের কৃষক হারুন অর রশিদ শখ করে সড়কের দুই পাশে এসব খেজুরগাছ রোপণ করেছিলেন। সময়ের ব্যবধানে ছোট ছোট সেই চারাগাছ আজ বিশাল আকার ধারণ করেছে। প্রায় চার দশক পর গাছগুলো এখন এলাকার অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।
গত সোমবার (৯ নভেম্বর) বিকেলে সরেজমিনে দেখা যায়, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে চড়ে নানা বয়সী দর্শনার্থীরা আসছেন। কেউ রাস্তার দুই পাশের খেজুরগাছের সৌন্দর্য উপভোগ করছেন, কেউ ছবি তুলছেন, আবার কেউ বন্ধুদের সঙ্গে গল্প-আড্ডায় মেতে উঠেছেন। বিস্তীর্ণ ফসলের মাঠের মাঝখানে আঁকাবাঁকা পিচঢালা সড়ক এবং দুই পাশের সারি সারি খেজুরগাছ মিলে তৈরি করেছে এক অপরূপ আবহ।
ঝিনাইদহ শহর থেকে আসা দর্শনার্থী মুকুল হোসেন বলেন, ‘এর আগে তেঁতুলতলার পাশে সারি সারি নারকেলগাছ লাগানো প্যারিস রোডের সৌন্দর্য উপভোগ করেছি। কিন্তু খয়েরতলায় রাস্তার দুই পাশে এত সুন্দর খেজুরগাছের সারি আগে দেখিনি। লোকমুখে শুনে বন্ধুদের নিয়ে দেখতে এসেছি। কালীগঞ্জ শহরের পাশেই এমন দৃষ্টিনন্দন একটি জায়গা আছে, তা আগে জানতাম না। অবসর পেলেই আবার এখানে আসব।’
নলডাঙ্গা থেকে তিন বন্ধুকে নিয়ে ঘুরতে এসেছেন শাওন। তিনি বলেন, ‘আমাদের বাড়ির কাছেই এত চমৎকার একটি জায়গা রয়েছে, তা জানা ছিল না। এক বন্ধুর কাছে শুনে দেখতে এসেছি। বিস্তীর্ণ ফসলের মাঠের মাঝখানে এক ফালি রাস্তা, আর দুই পাশে খেজুরসহ নানা প্রজাতির গাছ। মাঠে পাকা ধান কাটতে ব্যস্ত কৃষকেরা। এর মধ্যে বয়ে যাওয়া মৃদু বাতাস আর চারপাশের সবুজ পরিবেশ মনকে প্রশান্তি দেয়। এক কথায়, সময় কাটানোর মতো অসাধারণ একটি জায়গা।’
সড়কের দুই পাশের খেজুরগাছগুলোর মালিক হারুন অর রশিদ বলেন, ‘১৯৮৬ সালে আমি গাছগুলো রোপণ করেছিলাম। মূলত খেজুরের রস সংগ্রহ করাই ছিল আমার প্রধান উদ্দেশ্য। পাশাপাশি মাঠে কাজ করতে করতে রোদে ক্লান্ত কৃষকেরা যেন গাছের ছায়ায় এসে একটু বিশ্রাম নিতে পারেন, সেই চিন্তাও ছিল। এখন দেখছি, বিভিন্ন এলাকা থেকে ছেলেমেয়েরা এখানে ঘুরতে আসে, সময় কাটায়। গাছগুলো অনেক বড় হয়েছে। এসব দেখে আমার খুব ভালো লাগে।’
তিনি আরও বলেন, ‘প্রতি বছর এসব গাছ থেকে প্রচুর রস সংগ্রহ হয় এবং তা দিয়ে গুড় তৈরি করা হয়। নিজের জন্য যতটুকু রস ও গুড় রাখি, তার চেয়ে বেশি মানুষকে বিলিয়ে দিই। এতে আমি আনন্দ পাই। বর্তমানে গাছগুলোতে হাঁড়ি বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। কিছুদিন পরই রস সংগ্রহ শুরু হবে। সন্ধ্যার দিকে শহরসহ আশপাশের এলাকার তরুণেরা রস খেতে আসে। আমি নিজের হাতে গাছ কেটে রস সংগ্রহ করি এবং নির্ভেজাল গুড় তৈরি করি। অনেকেই আমার কাছ থেকে এই গুড় কিনতে আসেন।’
একজন কৃষকের প্রায় চার দশক আগের ছোট্ট উদ্যোগ আজ শুধু খেজুরের রস ও গুড়ের উৎস নয়, হয়ে উঠেছে এলাকার মানুষের বিনোদন ও প্রকৃতিপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। হারুন অর রশিদের লাগানো সেই খেজুরগাছগুলো এখন যেন সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে খয়েরতলা ও আনন্দবাগের মাঠের বুকে।