নরসিংদীর শিবপুরে সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মিনারা বেগম (৬০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ অটোরিকশার আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে ইটাখোলা-কটিয়াদী সড়কের শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিনারা বেগম মনোহরদী উপজেলার নাদাইল গ্রামের রাজিউদ্দিনের স্ত্রী। আহত ব্যক্তিরা হলেন—সৌরভ (২৭), জান্নাতুল (৭), শরিফ (৩৭), জিনিয়া (৩৫) ও কাউসার (১৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিমেন্টবোঝাই একটি ট্রাক মনোহরদীর দিকে যাচ্ছিল। পচারবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটাখোলাগামী যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই যাত্রী মিনারা বেগমের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত পাঁচজনকে উদ্ধার করে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠান। খবর পেয়ে শিবপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও অটোরিকশাটি জব্দ করে এবং নিহত নারীর মরদেহ উদ্ধার করে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।