ঢাকা

গাজীপুরে র‍্যাবের অভিযান অর্ধ কোটি টাকার ইয়াবা উদ্ধার

গাজীপুরের বোর্ডবাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬২ লাখ টাকা মূল্যের ২০ হাজার ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১।

 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব-১ এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. পিয়ারু (৩৪)। তিনি চট্টগ্রাম জেলার পটিয়া থানার আজিমপুর এলাকার বাসিন্দা।

 

র‍্যাব জানায়, বিশ্বস্ত সূত্র, তথ্যপ্রযুক্তি সহায়তা ও র‍্যাব ফোর্সেস সদর দপ্তরের তথ্যের ভিত্তিতে জানা যায় যে, গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বোর্ডবাজার ভূষিরমিল এলাকায় ইয়াবা কেনাবেচা চলছে। এ তথ্যের ভিত্তিতে দুপুর ১২টা ১০ মিনিটের দিকে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে খ্রিষ্টিয়ান ডিসাইপ্লশিপ সেন্টার (সিডিসি) সংলগ্ন এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুপুর ২টা ৫ মিনিটে মো. পিয়ারুকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি ও সঙ্গে থাকা ব্যাগ থেকে ২০ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি টাচস্ক্রিন মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি জানান, তিনি দীর্ঘদিন ধরে পলাতক সহযোগীদের সঙ্গে যোগসাজশে দেশের বিভিন্ন জেলা থেকে ইয়াবা সংগ্রহ করে গাজীপুরসহ বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিলেন।

র‍্যাব আরও জানায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(গ)/৪১ ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপির গাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

র‍্যাব-১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।



সম্পর্কিত খবর