জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর গ্রামের স্কুল শিক্ষক শুভ্র তারই স্কুলের দশম শ্রেণীর এক ছাত্রীকে নিয়ে উধাও হয়েছে। ওই শিক্ষক সানাকৈর গ্রামের রিপন ফকিরের ছেলে বলে জানা গেছে। স্কুল সূত্রে জানা যায়, শুভ্র ২০২৩ সালের মার্চ মাসে জামালপুর সদর উপজেলার দিগপাইত উপ-শহরের শাহীন স্কুলে শিক্ষক হিসেবে যোগদান করেন। ওই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী মম-কে প্রাইভেটও পড়াতেন তিনি। প্রাইভেট পড়ানোর সুবাদে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মম টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বানিয়াজান ইউনিয়নের বানিয়াজান পশ্চিমপাড়া গ্রামের মোশাররফ হোসেনের মেয়ে বলে জানা গেছে। গত ১৪ ফেব্রুয়ারি স্কুলের বার্ষিক শিক্ষা সফর ছিল। তাই পরের দিন ১৫ ফেব্রুয়ারি স্কুল বন্ধ থাকে। ওই দিন সকালে মম তার মাকে প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে স্কুলে আসে। বিকেল পর্যন্তও বাড়িতে না ফেরার চিন্তায় তার মা স্কুলে যোগাযোগ করে। স্কুল পরিচালক বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখে শিক্ষক শুভ্ররও খোঁজ নেই। বিষয়টি নিয়ে বিভিন্ন জনের মধ্যে গুঞ্জন শুরু হয়। তাই বুঝতে আর কারও বাকী থাকে না। এ বিষয়ে পরিচালক শাহেদুর রহমান ও হুমায়ুন কবিরের সাথে যোগাযোগ করলে শুভ্র ও মম’র উধাও হওয়ার ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। এ ব্যাপারে শিক্ষক শুভ্রকে স্কুল থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এমন কি শুভ্রর অভিভাবকদের ডেকে মৌখিকভাবে অবগত করানো হয়েছে। এই মর্মে লিখিত পত্রও লেখা হয়েছে। শুভ্র’র মা বেলী বেগমের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। মম’র মা সুুমী বেগমের সাথে যোগাযোগ করলে প্রথমে তিনি স্বীকার করলেও লজ্জায় তা অস্বীকার করে যোগাযোগ বিচ্ছিন্ন করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের খোঁজ মেলে নি। স্থানীয় অভিভাবক, শিক্ষা সচেতন ব্যক্তি ও গন্যমান্যরা শিক্ষকের এহেন কান্ডের নিন্দা জানিয়েছেন। সেই সাথে অভিভাবকরা স্কুলে তাদের মেয়েদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আছেন।