জামালপুর সদর উপজেলার দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজে কঠোর নিয়ম মেনে চলছে দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষা। এ পরীক্ষায় অংশ নেয় মোট ৩৯২ জন পরীক্ষার্থী। প্রত্যেক পরীক্ষার্থীকে একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে মোট ১৩টি বিষয়ে পরীক্ষা দিতে হবে। সকল বিষয়েই পাশ না করলে কোন পরীক্ষার্থীকে ২০২৪ সালের অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না। গত ১৩ ফেব্রুয়ারি এ পরীক্ষা শুরু হয়েছে। চলবে আগামী ৭ মার্চ পর্যন্ত। অধ্যক্ষ মহির উদ্দিন তালুকদার জানান, পরীক্ষায় যাতে কোন রকম অনিয়ম ও দুর্নীতি না হয়। সে বিষয়ে বিশেষ কঠোরতা অবলম্বন করা হয়েছে। এমন নীতি অবলম্বন করায় পরীক্ষার্থীরা অনৈতিক সুযোগ-সুবিধার প্রতি অনাগ্রহ দেখাবে। ফলে তারা পরীক্ষায় পাশ করার জন্য অধিক যত্নবান হবে। অর্থাৎ লেখাপড়ায় আরও বেশি মনোযোগী হবে। কলেজ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের জন্য অভিভাবক, শিক্ষানুরাগী ও শিক্ষা সচেতন মহল সাধুবাদ জানিয়েছে।