রংপুর

দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত, আহত ২

পঞ্চগড়ের দেবীগঞ্জে দুটি মোটরসাইकलের মুখোমুখি সংঘর্ষে আলমগীর হোসেন নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

৩ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় দেবীগঞ্জ পৌর এলাকার দেবীগঞ্জ-সোনাহার সড়কের মিনি স্টেডিয়াম মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেবীগঞ্জ-সোনাহার সড়কের মিনি স্টেডিয়ামের সামনে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলমগীর হোসেনসহ তিনজন আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁদের চিকিৎসার জন্য দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর আলমগীর হোসেন মারা যান। তিনি রামগঞ্জ বিলাসি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায়।

তাঁর আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী, সাবেক শিক্ষার্থী ও স্থানীয় লোকজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

 


সম্পর্কিত খবর