নড়াইলের লোহাগড়া পৌরসভার মদিনাপাড়ায় পুকুরের পানিতে ডুবে ছয় বছরের শিশু শাহরিয়ার আহমেদ রাফির মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
রাফি মদিনাপাড়ার সাদেকুর রহমান উজ্জ্বলের ছেলে এবং ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার ভাতিজা।
পরিবার ও স্বজনেরা জানান, রাফি বাড়ির পাশে ঘোরাফেরা করছিল। একপর্যায়ে পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়। সিসিটিভি ফুটেজেও তাকে বাড়ির পাশে ঘোরাফেরা করতে দেখা গেছে। তার মৃত্যুতে বাবা-মাসহ পরিবার ও আত্মীয়স্বজনের মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
এদিকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান ও লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা জানান, শুক্রবার রাত সাড়ে আটটায় লোহাগড়ার জয়পুর ইউনিয়নের নাওরা গ্রামে শিশু রাফির জানাজা শেষে দাফন সম্পন্ন হবে। এ ঘটনায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শিশুটির পরিবার-পরিজনের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।