নরসিংদীর মাধবদীতে জমি সংক্রান্ত মামলার রায় বাস্তবায়নের জন্য আদালতের আদেশে জমি দখল করতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের নাজির, মামলার আইনজীবী, পুলিশ সদস্যসহ প্রশাসনের কর্মকর্তারা।
বুধবার (২৫ জুন ২০২৫) দুপুরে সদর উপজেলার মাধবদী বাসস্ট্যান্ড সংলগ্ন সোনারবাংলা মার্কেটে এ হামলার ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশিষ্ট শিল্পপতি মেনহাজুর রহমান রাজু ভুইয়া ও আব্দুল হাকিম গং এর মধ্যে দীর্ঘদিন ধরে একটি জমি সংক্রান্ত মামলা চলমান ছিল। মামলায় আদালত রাজু ভুইয়ার পক্ষে রায় প্রদান করে। পরবর্তীতে বারবার নোটিশ প্রদানেও জমি ছাড়েনি বিবাদীরা। একপর্যায়ে বাদী পক্ষ উচ্ছেদের জন্য আদালতের আশ্রয় নেয়।
এরই প্রেক্ষিতে জেলা ও দায়রা জজ আদালতের ৬৬৯/২১ নং মামলার আলোকে বুধবার দুপুরে আদালতের নির্দেশ বাস্তবায়নে নাজির, পুলিশ, জেলা প্রশাসনের প্রতিনিধি ও বাদীপক্ষের আইনজীবীরা সোনারবাংলা মার্কেট এলাকায় জমি বুঝিয়ে দিতে গেলে বিবাদী পক্ষের লোকজন সংঘবদ্ধভাবে বাধা দেয় এবং হামলা চালায়।
হামলায় একজন আইনজীবীসহ প্রশাসনের বেশ কয়েকজন গুরুতর আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এ ঘটনায় মামলার বাদী মেনহাজুর রহমান রাজু ভুইয়া বলেন, “আদালতের রায় বাস্তবায়ন করতে গিয়ে হামলার শিকার হওয়া ন্যায়বিচারের ওপর সরাসরি আঘাত। আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
জেলা ও দায়রা জজ আদালতের নাজির ও মামলার আইনজীবী জানান, হামলার বিষয়টি জেলা প্রশাসন ও আদালতকে জানানো হয়েছে। স্থানীয়রা মোবাইলে ঘটনার ভিডিও ধারণ করেছেন, যা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অন্যদিকে বিবাদী পক্ষ দাবি করছে, তারা প্রায় একশত বছর ধরে ঐ জায়গায় ব্যবসা পরিচালনা করছেন এবং আদালত থেকে অতীতে তাদের পক্ষে রায়ও এসেছে। তারা বলেন, “আজ কোনো নোটিশ ছাড়াই দুই শতাধিক যুবক নিয়ে রাজু ভুইয়ার পক্ষের লোকজন বিদ্যুৎ বিচ্ছিন্ন করে হামলা চালায়।”
মাধবদী থানার ওসি নজরুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে এখনও বিস্তারিত অবগত নন। তবে আদালতের নির্দেশেই পুলিশ সেখানে গিয়েছে বলে জানতে পেরেছেন। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।