নাটকীয় ফাইনালে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে কোপা দেল রে শিরোপা জিতে নিয়েছে রিয়াল সোসিয়েদাদ। সেভিয়ার এস্তাদিও দে লা কার্তুজাতে অনুষ্ঠিত ম্যাচে তারা পেনাল্টি শুটআউটে হারিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদকে।
ম্যাচের শুরুতেই চমক দেখায় সোসিয়েদাদ। খেলা শুরুর মাত্র ১৫ সেকেন্ডেই গোল করে তারা অ্যাতলেতিকোকে চাপে ফেলে।
যদিও দ্রুতই ম্যাচে সমতা ফেরায় অ্যাতলেতিকো। তবে প্রথমার্ধের শেষদিকে পেনাল্টি থেকে গোল করে আবারও এগিয়ে যায় সোসিয়েদাদ এবং বিরতিতে ২-১ ব্যবধানে লিড ধরে রাখে।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর লড়াই চালায় অ্যাতলেতিকো মাদ্রিদ। অবশেষে ৮৩তম মিনিটে গোল করে সমতা ফেরান হুলিয়ান আলভারেজ, ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ে কোনো দলই গোল করতে না পারায় ফল নির্ধারণে যায় পেনাল্টি শুটআউট। সেখানে নায়ক হয়ে ওঠেন সোসিয়েদাদের গোলরক্ষক উনাই মার্রেরো। দুটি গুরুত্বপূর্ণ শট রুখে দিয়ে দলকে শিরোপা এনে দেন তিনি।
এই হারের ফলে কোপা দেল রে ফাইনালে অ্যাতলেতিকো মাদ্রিদের এটি দশম পরাজয়।
সর্বশেষ ২০১৩ সালে এই ট্রফি জিতেছিল তারা। অন্যদিকে, ১৯০৯, ১৯৮৭ ও ২০২০ সালের পর আবারও শিরোপা জিতে নিজেদের ইতিহাসে চতুর্থবারের মতো কোপা দেল রে চ্যাম্পিয়ন হলো রিয়াল সোসিয়েদাদ।