জাতীয়

নারায়ণগঞ্জে সিলিন্ডারের বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৫

নারায়ণগঞ্জের সোনারগাঁও কাঁচপুরে একটি তিন তলা বাড়ির নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে ৩ শিশু রয়েছে। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে পৌনে ৬টার দিকে সোনারগাঁও থানাধীন কাঁচপুর বিসিক এলাকার একটি ৩ তলা বাড়ির নিচতলায় এই দুর্ঘটনা ঘটে।

 

দগ্ধরা হলেন- মানব চৌধুরী (৪০), তার স্ত্রী বাচা চৌধুরী (৩৮), ৩ মেয়ে মুন্নি (১৪), তিন্নি (১২) ও ময়ূরী (৬)।

স্থানীয়রা জানান, বাড়িটির নিচতলায় ভাড়া থাকে ওই পরিবার। ভোরে রান্নার জন্য চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে একটি বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে তাদের চিৎকার শুনে আশপাশের সবাই গিয়ে বাসার আগুন নেভায়। এরপর তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী প‌রিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, সিলিন্ডার থেকে ঘরে গ্যাস জমে থাকলে ভোর রাতে কোনো এক সময় আগুন জ্বালাতে গেলে মূলত বিস্ফোরণটি ঘটে।

 



সম্পর্কিত খবর